২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে তিনটি হ্যান্ডসেটের একটি নকল!

নিম্নমানের মোবাইল হ্যান্ডসেটে নামি ব্র্যান্ডের ‘নিখুঁত’ স্টিকার লাগিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা। বিটিআরসি ও হ্যান্ডসেট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 04:05 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামি কোম্পানির দামি হ্যান্ডসেট আমদানির জন্য ঋণপত্র খোলার পর চীন থেকে আনা হচ্ছে নিম্নমানের সস্তা মোবাইল হ্যান্ডসেট। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তারা এবং হ্যান্ডসেট ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে আমদানি করা যেসব সেট পাওয়া যাচ্ছে, তার প্রায় এক তৃতীয়াংশই নকল। একটি চক্র এসব নিম্নমানের হ্যান্ডসেট বিক্রি করে প্রতি বছর ক্রেতাদের কাছ থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানালেন মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি নিজামুদ্দিন জিটু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতি বছর আমাদের দেশে প্রায় এক কোটি হ্যান্ডসেট আসছে। এর মধ্যে ৩০ শতাংশই নিম্নমানের। এসব সেটেই নামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে।” নকল সেটের এই রমরমা বাজারের সত্যতা পাওয়া গেল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদের কথাতেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নকল হ্যান্ডসেটের আইএমআইই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বরও ভুয়া থাকে। ক্রেতারা এসব সেট কিনে প্রতারণার শিকার হচ্ছেন।” বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে আমদানির সময় নকল হ্যান্ডসেটের ছাড়পত্র না দেয়- সে জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নকল হ্যান্ডসেট বাজারজাতকরণ প্রতিরোধের দায়িত্বে থাকা বিটিআরসির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে আমদানি করা হ্যান্ডসেটের তিনভাগের একভাগই নিম্নমানের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম প্রায় ৮০ হাজার সেটের ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে। যেভাবে নকল হয় বিটিআরসির হিসাব অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ৮ কোটি ৬০ লাখ। আর এই পরিমাণ গ্রাহকের চাহিদা মেটাতে প্রতি বছর কয়েকশ কোটি টাকার সেট আমদানি হচ্ছে। নিয়ম অনুযায়ী, হ্যান্ডসেট আমদানির আগে বিটিআরসির কাছ থেকে অনুমতি নিতে হয়। এজন্য মোবাইল হ্যান্ডসেটের আইএমআইই নম্বরও বিটিআরসিতে জমা দিতে হয়। বিটিআরসি কর্মকর্তা এবং হ্যান্ডসেট ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের একটি চক্র নকিয়া, স্যামসাং বা এলজি সেট আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলে সেই কাগজ দেখিয়ে চীন বা অন্য দেশ থেকে নিম্নমানের সেট আমদানি করে। অনেক ক্ষেত্রেই বিটিআরসি ও বিমানবন্দরের কাস্টমসের চোখকে ফাঁকি দিয়ে আমদানি করা এসব হ্যান্ডসেট চলে যায় বাজারে। বিটিআরসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সস্তা হ্যান্ডসেটের সঙ্গে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের স্টিকার ও ট্যাগ আমদানি করা হয় বিদেশ থেকে। “বিশেষ ধরনের নেগেটিভ পেপারে লাগানো এই স্টিকারে হাত বুলিয়ে বা খালি চোখে দেখে বোঝা যায় না যে এগুলো নকল। আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় ছয়-সাত মাস ব্যবহারেও এসব নকল স্টিকারের উজ্জ্বলতা নষ্ট হয় না। তবে মূল সেট নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত ঠকতে হয় ক্রেতাদের”, বলেন এই কর্মকর্তা। তিনি জানান, নকল হ্যান্ডসেটের আমদানি মূল্য এক থেকে আড়াই হাজার টাকার মধ্যে হলেও ভালো ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে তা বিক্রি করা হয় ৫ থেকে ২৫ হাজার টাকায়। রাজধানীর মোতালিব প্লাজার একজন হ্যান্ডসেট বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধিকাংশ ব্যবসায়ী বেশি লাভের আশায় এ ধরনের নকল হ্যান্ডসেট বিক্রি করে যাচ্ছেন। কেনার পর নকল বুঝতে পেরে ক্রেতারা হ্যান্ডসেট ফেরত দিতে আসলেও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি জিটু বলেন, কয়েকটি চক্র জাল ছাড়পত্র ব্যবহার করে বছরের পর বছর ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। তবে অ্যাসোসিয়েশনের সদস্যরা নকল সেট আমদানির সঙ্গ যুক্ত নয় বলে দাবি করেন তিনি। বিটিআরসির উদ্যোগ বিটিআরসি কর্মকর্তারা জানান, নকল হ্যান্ডসেট বিক্রি ও আমদানি প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী। এ ধরনের এক অভিযানে সম্প্রতি রাজধানীর মোতালিব প্লাজার গাজী ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৩ হাজার নকল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। সস্তা মানের এসব হ্যান্ডসেটে নিখুঁতভাবে দামি ব্র্যান্ডের স্টিকার লাগানো ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। ওই অভিযানের পর নকল হ্যান্ডসেট আমদানি চক্রের একটি অংশকে শনাক্ত করে বিটিআরসি। ভুয়া তথ্য দিয়ে তিনটি কোম্পানি ৮২ হাজার নকল হ্যান্ডসেট আমদানি করেছে বলেও তথ্য পান কর্মকর্তারা। এ কারণে এসব প্রতিষ্ঠান সর্বশেষ যেসব হ্যান্ডসেট আমদানি করেছে, সেগুলোর ছাড়পত্র না দিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিটিআরসি চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/০৯৫০ ঘ.