নয়া দিল্লি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই প্রথম ভারতে বাংলাদেশের রপ্তানি বছরে একশ কোটি ডলার ছাড়াতে যাচ্ছে বলে দেশটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন শুক্রবার এই আভাস দিয়ে বলেন, তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়া বাংলাদেশি রপ্তানি বাড়ার কারণ।
“আমি বলছি, বাংলাদেশের রপ্তানি আগামী জুলাই পর্যন্ত এক বছরে এক বিলিয়ন ডলার ছাড়াতে যাচ্ছে। ইতিহাসে এটাই প্রথম,” নয়া দিল্লিতে এশিয়ান রিলেশন কনফারেন্সে বলেন তিনি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও অ্যাসোসিয়েশন অফ এশিয়া স্কলারস যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের সফরের পর বাংলাদেশের চাহিদা থেকে শুধু ২৫টি তামাক ও মদ জাতীয় পণ্য বাদে প্রায় সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয় ভারত। এরপর প্রতিবেশী দেশটিতে তৈরি পোশাক রপ্তানি বেড়ে যায়, যা এতদিন যেত না।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে। গত অর্থবছরে ভারত বাংলাদেশে সাড়ে চারশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। অন্যদিকে একই সময়ে দেশটি বাংলাদেশ থেকে আমদানি করেছিল ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে দক্ষিণ এশিয়ার বিশ্বের বুকে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।
“দক্ষিণ এশিয়ায় আন্তঃবাণিজ্য বাড়ছে এবং গত পাঁচ বছরে তা দ্বিগুণ হয়েছে। অশুল্ক বাধা দূর করতে এই সময়ে এই অঞ্চলের দেশগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে,” বলেন তিনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের পরিমাণ সরকারি তথ্যের চেয়ে বেশি বলে দাবি করেন মেনন।
এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতিকেও বাণিজ্য বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
এই ক্ষেত্রে শ্রীলঙ্কায় এলটিটিই গেরিলা গোষ্ঠী নির্মূল, বাংলাদেশে জঙ্গি দমন, নেপালে রাজনৈতিক স্থিতি ফেরার বিষয়টি তুলে ধরেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৬ ঘ.
bdnews24