ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায় কারসাজি নিয়ন্ত্রণে ‘প্রতিযোগিতা আইন-২০১২’ বিল হিসেবে সংসদে উত্থাপন করা হয়েছে।
বুধবার বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এই বিল উত্থাপনের পর তার পরীক্ষা-নিরীক্ষার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এ জন্য সময় দেওয়া হয়েছে ৩০ দিন।
বাজারে বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতির জন্য বিভিন্ন সময়েই সিন্ডিকেটের কথা বলা হয়ে আসছে। এই কথা আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতাদের মুখ থেকেই শোনা গেছে।
গত কয়েক বছর বাজারে পণ্যের অযৌক্তিক দাম বাড়ানো ও অস্থিরতার জন্য এই ধরনের অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ডকে দায়ী করার বিষয়টি বিল উত্থাপনের সময় মন্ত্রীও বলেছেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, “প্রতিযোগিতা আইন না থাকলে কিছু অসাধু ব্যবসা প্রতিষ্ঠান লিখিত বা অলিখিত চুক্তি মাধ্যমে একজোট হয়ে (কার্টেল বা সিন্ডিকেট) ‘প্রাইস ফিক্সিং’ করে পণ্যের স্বাভাবিক সরবরাহ ব্যাহত করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাতে পারে।”
“উদার বাণিজ্য ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। এতে একদিকে ভোক্তাদের স্বার্থ বিঘিœত হচ্ছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলেছে,” বলেন তিনি।
নতুন আইনের প্রস্তাবে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ উৎসাহিত করতে ষড়যন্ত্রমূলক, যোগসাজশ (কল্যুশন), মনোপলি ও ওলিগপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নির্মূলই এর লক্ষ্য।
বাজারে সুস্থ প্রতিযোগিতা রক্ষায় ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ গঠনের কথা বলা হয়েছে। পণ্য বা সেবা বাজারে জোটবদ্ধতা (কম্বিনেশন), যা প্রতিযোগিতাকে বিরূপভাবে প্রভাবিত করে বা প্রভাবিত করবার কারণ ঘটায়, তা নিষিদ্ধের প্রস্তাবও করা হয়েছে।
নির্দিষ্ট পণ্যের দর উঠানো বা নামানোর জন্য ব্যবসায়ীদের জোটবদ্ধ হওয়াটাই সাধারণ অর্থে ‘সিন্ডিকেট’ হিসেবে দেখা হয়, যার সমালোচনা করে আসছিলেন অনেক রাজনীতিক।
প্রস্তাবিত আইনে কমিশনের আদেশ লঙ্ঘনে ১ বছর কারাদণ্ড অথবা প্রতিদিন ব্যর্থতার জন্যে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিল সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, বড় প্রতিষ্ঠানগুলো বাজারে কর্তৃত্বের অপব্যবহার করে বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে নতুন প্রতিষ্ঠানকে প্রবেশে বাধার সৃষ্টি করতে পারে। তবে এই ধরনের কার্মকাণ্ড কীভাবে, কারা করছে সেটি প্রমাণ করা যথেষ্ট কষ্টসাধ্য।
আইনি কাঠামোর মধ্যে এ ধরনের কর্মকাণ্ড তদন্ত ও প্রমাণ করা সম্ভব বলে মন্ত্রী জানান।
প্রস্তাবিত প্রতিযোগিতা কমিশনে এক জন চেয়ারপারসন ও অনধিক চার জন সদস্য থাকবে। কোনো ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি হলে তাকে কমিশনের চেয়ারপারসন বা সদস্য হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। কমিশনের চেয়ারপারসন ও সদস্যদের মেয়াদ হবে তিন বছর।
বাজারে প্রতিযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বিষয় নির্মূল করা হবে প্রস্তাবিত কমিশনের কাজ। বাজারে প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এই কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩১৭ ঘ.
bdnews24