বেনাপোল, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্ত দিয়ে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
ভারতে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব এবং বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এই ছুটির ফাঁদ বলে জানিয়েছেন বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর সংশ্লিষ্টরা।
তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের ছুটি ভারতে। এ কারণে বন্দরে কাজকর্ম বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার আমীর মামুন বলেন, “শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি এবং বৃহস্পতিবার হোলি উৎসবের কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।”
শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হলেও ওইদিন সকাল থেকে আমদানি-রপ্তানি চলবে।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24