ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম ভুল বানানে ছাপা হওয়ায় ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এই নোটে শিল্পাচার্যের নামের বানান ‘আবেদিন’ না লিখে ‘আবেদীন’ লেখা হয়েছে।
এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভুল সংশোধনের পর এই নোট বাজারে ছাড়া হবে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বুধবারই বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক।
এদিন সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নতুন ৫০ টাকার নোটে অসাবধানতাবশত শিল্পাচার্যের নাম ‘জয়নুল আবেদিন’-এর স্থলে ‘জয়নুল আবেদীন’ ছাপা হয়েছে।”
“অনিচ্ছাকৃত এ ক্রুটির জন্য বাংলাদেশ ব্যাংক এবং বরেণ্য শিল্পীদের নিয়ে গঠিত ডিজাইন কমিটি দুঃখপ্রকাশ করছে।”
এই ক্রুটি সংশোধনের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ৫০ টাকার নতুন নোট আর বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসাদুজ্জামান জানান, যে নোটগুলো ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে ভুল সংশোধন করে নতুন টাকা ছাড়ার পর সেগুলো পরির্বতন করার সুযোগ থাকবে।
তিনি বলেন, “গভর্নর এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন। সেইসঙ্গে যাদের কারণে এ ভুল হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।”
গভর্নর আতিউর রহমান সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এই তিন ধরনের নোট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে নতুন ডিজাইনের এই নোটগুলো ইস্যু করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও সব বাণিজ্যিক ব্যাংক থেকেও নোটগুলো ইস্যু করার কথা ছিল।
নতুন ছাড়া ৫০ টাকার নোটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। নোটের একপাশে তার আঁকা ‘মই দেয়া’ জল রং চিত্রটি ব্যবহার করা হয়েছে। সেখানে তার নামের বানানে ‘জয়নুল আবেদীন’ ছাপা হয়েছে।
প্রথম দফায় দুই কোটি ২৫ হাজারটি নতুন ৫০ টাকার নোট বাজারে ছাড়ার কথা ছিল।
এই নোটগুলো ছাপতে মোট কতো টাকা খরচ হয়েছে- এ প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, “সেটা এই মুহূর্তে বলা যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০১২ ঘ.
bdnews24