২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুলা সংকট মোকাবেলায় ‘মনিটরিং সেল’ গঠনের দাবি

তুলা রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় দেশে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে তা মোকাবেলার ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুলা রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় দেশে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে তা মোকাবেলার ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। বুধবার সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। ভারত তুলা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের কিছু কিছু স্পিনিং মিল সুতার দাম বাড়ানোর পায়তারা করছে বলে বিকেএমইএ অভিযোগ করেছে। সুতার দাম বাড়লে দেশের একক বৃহত্তম রপ্তানি খাত নিট শিল্পে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিকেএমইএ স্পিনিং মিলগুলোর সংগঠন বিটিএমএ -এর কাছে সুতার দাম না বাড়ানোর অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বিকেএমইএ, বিজিএমইএ ও বিটিএমএকে নিয়ে একটি মনিটরিং সেল গঠনের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিকেএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার তুলা রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের নিট শিল্পের জন্য বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। তুলা আমদানির জন্য ইতোমধ্যেই যারা এলসি করেছে, তারাও তুলা আমদানির অনুমতি পাবে না। এমনকি বাংলাদেশে আসার জন্য সীমান্তে পৌঁছানো তুলার ট্রাককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হচ্ছে না। ভারত সরকার সোমবার তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় কারখানাগুলোর জন্য তুলার সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮১৯ ঘ.