২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ অর্থবছরেই ব্যাংককর্মীদের বেতন কাঠামো: মুহিত

চলতি অর্থবছরেই বাংলাদেশ ব্যাংক এবং সরকারি মালিকানার অন্য সব ব্যাংকে স্বতন্ত্র বেতন কাঠামো (স্কেল) চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরেই বাংলাদেশ ব্যাংক এবং সরকারি মালিকানার অন্য সব ব্যাংকে স্বতন্ত্র বেতন কাঠামো (স্কেল) চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, “এই বিষয়ে এখন পর্যন্ত তিনটি প্রস্তাব রয়েছে। এগুলো পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা চলতি অর্থবছরের মধ্যেই।” বুধবার সরকারি মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সচিবালয়ের এই বৈঠকে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি সব ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিরোধিতা রয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “না, এ ব্যাপারে কোনো বিরোধিতা নেই।” বেসরকারি ব্যাংকগুলোর চেয়ে কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেতন অনেক কম- এই যুক্তি দেখিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের জন্য আলাদা বেতন কাঠামো দাবি করে আসছে। চলতি ২০১১-১২ অর্থবছর শেষ হবে জুন মাসে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ সময়ের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোর জন্য আলাদা বেতন কাঠামো চূড়ান্ত হবে। সরকারি তহবিলের ৭৫ শতাংশ সরকারি ব্যাংকে রাখতে হবে সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের তহবিলে যে অর্থ থাকে তার ৭৫ শতাংশ সরকারি ব্যাংকগুলোতে রাখার বিধান রয়েছে। অর্থমন্ত্রী বলেন, কিন্তু বেশি সুদের আশায় অনেক বিভাগ ও সংস্থা বেসরকারি ব্যাংকগুলোতেও টাকা রাখছে। এর ফলে সরকারি ব্যাংকগুলো সমস্যা হচ্ছে। “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সরকারের বিভিন্ন সংস্থা-বিভাগ তাদের তহবিলের ৭৫ শতাংশ অর্থ অবশ্যই সরকারি ব্যাংকগুলোতে রাখবে,” বলেন তিনি। খেলাপি ঋণ কমেছে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ এখন ১৫ শতাংশের নিচে- এই তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা খেলাপি ঋণের কালচারকে আক্রমণ করতে পেরেছি। ধীরে ধীরে খেলাপি ঋণ কমে আসছে। এটা ব্যাংকিং খাতের জন্য একটা ভালো খবর।” এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭৪১ ঘ.