ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের দরিদ্র নারীদের তৈরি পোশাক শিল্পের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পটিসহ এক হাজার ৪৯২ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
‘গার্মেন্টস্ সেক্টরে নিয়োগের লক্ষ্যে উত্তরাঞ্চলের দরিদ্র নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি’- শীর্ষক এ প্রকল্পের ২৪৮ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। বাকি অর্থ সরকার যোগান দেবে।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, এটি বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের দারিদ্র্যপীড়িত জেলার ১০ হাজার ৮০০ মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত করা হবে।
এছাড়া প্রকল্পের আওতায় ঢাকা, ঈশ্বরদী ও কর্ণফুলী ইপিজেডে ডর্মিটরী ও ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের তত্ত্বাবধানে বেপজা।
এ ছাড়া একনেকের বৈঠকে প্রাইমারি স্কুলগামী শিশুদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি এবং ঝরে পড়া রোধে ২০৩ কোটি টাকার ‘ই সি অ্যাসিস্টেড স্কুল ফিডিং প্রোগ্রাম’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্পটির আওতায় দেশের ৭টি বিভাগের ১০টি উপজেলার ৩ লাখ ২৮ হাজার শিশুকে তাদের স্কুলে ভিটামিন সমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হবে। প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিন ৭৫ গ্রাম করে বিস্কুট পাবে। সব সরকারি এবং রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল এ কার্যক্রমের আওতায় আসবে।
বৈঠকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসন সমস্যা সমাধানে ১৬৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্পের আওতায় কাকরাইলের অডিট ভবন সংলগ্ন এলাকায় বিদ্যমান সার্কিট হাউজ ভবন ভেঙে ১ দশমিক ৪৮ একর জমির উপর বিচারপতিদের জন্য ২০ তলা আবাসিক ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে ৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ৭৬টি ফ্ল্যাট থাকবে।
বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “আজকের একনেক বৈঠকে এক হাজার ৪৯২ কোটি টাকা ব্যয়সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ৫৯১ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।”
সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম জানান, সভায় অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মোট ব্যয়ের ৯০১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ৫৯১ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
অন্য প্রকল্প হলো- কুয়েত ফান্ডের আওতায় শহীদ বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু), ২য় শীতলক্ষ্যা সেতু এবং তিস্তা সেতু নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প (৩১৭ কোটি টাকা), দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য গো-খাদ্য কারখানা স্থাপন প্রকল্প (২৭ কোটি টাকা); সীমান্ত সড়ক (হাতীপাগাড়-সন্ধ্যাকুড়া-ধনুয়াকামালপুর) নির্মাণ প্রকল্প (১০৮ কোটি টাকা); সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ- (৩য়পর্যায়) প্রকল্প (৭১ কোটি টাকা) এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প (২৭৫ কোটি টাকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২১১ ঘ.
bdnews24