২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণ কমেছে: বাড়ানোর তাগাদা গভর্নরের

কৃষি ঋণ বিতরণ কমেছে। তবে আদায় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কৃষি ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে তাগাদা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 07:52 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ঋণ বিতরণ কমেছে। তবে আদায় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কৃষি ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে তাগাদা দিয়েছেন। একইসঙ্গে প্রকৃত কৃষকরা যাতে ঋণ পায় সেজন্য তদারকি ব্যবস্থা জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ব্যাংকগুলো মোট ছয় হাজার ৬৭৫ কোটি ৩৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। গত অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল সাত হাজার ১১২ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার সরকারি, বেসরকারি, বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকের কৃষি ঋণ বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গভর্নর নির্দেশ দেন বলে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সাত মাসে অর্থ্যাৎ জুলাই-জানুয়ারি সময়ে ছয় হাজার ৬৭৫ কোটি ৩৭ লাখ কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আর আগের দেওয়া ঋণ ও সুদ বাবদ আদায় করেছে সাত হাজার ১০৩ কোটি টাকা। গত অর্থবছরের এ সময়ে মোট সাত হাজার ১১২ কোটি ৬৫ লাখ টাকার ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। আর আদায় করেছিল ছয় হাজার ৮০১ কোটি ৭৭ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে মোট ১২ হাজার ১৮৪ কোটি ৩২ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। বৈঠকে গভর্নর দেশে জ্বালানি সংকট কমাতে নবায়নযোগ্য শক্তি (বায়োগ্যাস ও বায়োগ্যাস হতে বিদ্যুৎ উৎপাদন) প্রকল্পে ঋণ বিতরণ বাড়ানোরও তাগিদ দেন বলে জানান আসাদুজ্জামান। বৈঠকে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোজাম্মেল হক সমন্বিত গরু পালন হতে বায়োগ্যাস উৎপাদন এবং ইস্টার্ণ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম পোল্ট্রি ফার্মের বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ ব্যাংক নবায়নযোগ্য শক্তি খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২০০ কোটি টাকার একটি তহবিল সৃষ্টি করেছে। ব্যাংকগুলো এই পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ১০ শতাংশ হারে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করতে পারবে। ইডিসিএল এ প্রকল্প বাস্তবায়ন করছে এবং আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন) প্রকল্প বাস্তবায়নে কারিগরি এবং উপদেশমূলক সহায়তা প্রদান করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০৩৬ ঘ.