ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ২০ কোটি ডলার ঋণ মঙ্গলবার ছাড় করবে তিন বিদেশি ব্যাংক।
এতে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বিপিসির অর্থ সঙ্কট অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা।
একইসঙ্গে বাজারে ডলারের সরবরাহ বাড়বে এবং ডলারের বিপরীতে টাকা আরও শক্তিশালী হবে আশা করছেন ওই কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছায়েদুর রহমান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার ও বিপিসির সঙ্গে আলোচনা সাপেক্ষে তিন বিদেশি ব্যাংক ষ্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক এনএ এবং এইচএসবিসি ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের সিন্ডিকেট ঋণ অনুমোদন করেছিল। সেই ঋণ মঙ্গলবার থেকে ছাড় শুরু করবে ব্যাংক তিনটি।”
তিনি বলেন, “মার্কিন ডলারের দর এখন কমতির দিকে। যারা ডলার ধরে রেখেছিলেন তারা এখন ছেড়ে দিচ্ছেন। ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। তিন ব্যাংকের ঋণ ছাড় হলে বাজারে ডলারের সরবরাহ আরো বাড়বে। টাকাও আরো শক্তিশালী হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮১ টাকা ৬০ পয়সায় ডলার বিক্রি হয়েছে। মাস খানেক আগে এই ডলার ৮৫ টাকায় উঠেছিল।
বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের ১ মার্চের বৈঠকে সিদ্ধান্ত হয়, ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ৮১ টাকা ৭৫ পয়সায় ডলার কিনবে। ৭ মার্চ থেকে এ দরে ডলার কিনবে ব্যাংকগুলো।
কিছু দিন ধরে ৮২ টাকায় ডলার কিনছে ব্যাংকগুলো।
ছায়েদুর রহমান বলেন, “বাজারে ডলারের সরবরাহ বাড়ায় অ্যাসোসিয়েশন কম দামে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। যার ইতিবাচক প্রভাব বাজারেও পড়বে।”
কিছু দিনের মধ্যে ডলারের দর ৮০ টাকায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৪৩ ঘ.
bdnews24