ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চলতি অর্থবছরে ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
‘বাজেট ২০১১-১২: প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ’ শিরোনামের প্রতিবেদনে মন্ত্রী এ প্রত্যাশার কথা জানান।
চলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ শতাংশ যা অর্জন নিয়ে বিভিন্ন সময়ে অর্থমন্ত্রী নিজেই সংশয় প্রকাশ করেছেন।
রোববার বিকালে সংসদে উপস্থাপিত প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব অর্থনীতিতে মন্দা-পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং ইউরোপে মন্দা পরিস্থিতির অবনতি সত্ত্বেও গত অর্থবছরে আমরা ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি।”
“আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের মূল্যের ব্যপক ঊর্ধ্বগতির মধ্যেও দূরদর্শী সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশে সীমিত রাখতে পেরেছি।”
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে প্রতিবেদনে মুহিত বলেন, “পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে। শিল্প উৎপাদনে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বিভিন্ন সংস্কার প্রণোদনামূলক কার্যক্রম চালু করেছি।”
“এ প্রেক্ষাপটে সম্পদের সীমাবদ্ধতা, সম্ভাব্য অভ্যন্তরীণ ও বাহ্যিক অভিঘাত সত্ত্বেও চলতি অর্থবছরে নির্ধারিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আমরা এখনও আশাবাদী।”
দ্বিতীয় প্রান্তিক অর্থ্যাৎ অক্টোবর-ডিসেম্বর মেয়াদের প্রতিবেদনটি আগামী ৭ মার্চ সংসদে উপস্থাপন করা হবে বলে জানান মুহিত।
সরকারি ব্যয়
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের চেয়ে সরকারের ব্যয় বেড়েছে ৬২ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় বেড়েছে ৪৩ দশমিক ৯ শতাংশ।
অনুন্নয়ন ব্যয় বেড়েছে ৬৬ দশমিক ৯ শতাংশ। তবে ব্যয়ের ক্ষেত্রে এডিপি বাস্তবায়নের হার বাড়লেও বৈদেশিক সাহায্য ব্যবহারের সক্ষমতা তেমন বাড়েনি।
ঘাটতি অর্থায়নে ব্যাংক থেকে ঋণ
চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা আসবে বলে ধরা হয়।
প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি হয় ২ হাজার ৪৫৩ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে প্রথম প্রান্তিকে বিদেশি উৎসের ব্যবহার হয় এক হাজার ৪ কোটি টাকা, যা প্রত্যাশিত মাত্রার চেয়ে কম।
অন্যদিকে সুদের হার বাড়ানো হলেও জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি আশানুরূপ বাড়েনি। যার ফলে ঘাটিত অর্থায়নের জন্য সরকারকে ব্যাংক উৎস থেকে লক্ষ্যমাত্রার বেশি ঋণ নিতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মূল্যস্ফীতি
মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম তিন মাসের গড় মূল্যস্ফীতির (৭ দশমিক ৬ শতাংশ) চেয়ে চলতি অর্থবছরের এ সময়ে গড় মূল্যস্ফীতি (১১ দশমিক ৪১ শতাংশ) অনেকটা ঊর্ধ্বমুখি। মূলত খাদ্য মূল্যস্ফীতির জন্য এটা ঘটেছে।
তবে বর্তমান অর্থবছরে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও সাধারণ মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের উচ্চমূল্য, অতিরিক্ত ঋণের প্রবাহ এবং যোগান সীমাবদ্ধতা মূল্যস্ফীতিতে ভূমিকা রেখেছে। তবে স¤প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০১২ সালের মধ্যে জ্বালানি তেলের দাম কমে প্রতি ব্যারেল ১০০ ডলারে নেমে আসতে পারে। অন্যদিকে দেশে বোরো ধানের বাম্পার ফলন ও কৃষি খাতে সন্তোষজনক প্রবৃদ্ধির সম্ভাবনা চলতি অর্থবছরে মূল্যস্ফীতির সম্ভাব্য চাপ প্রশমনে ইতিবাচক ভূমিকা ফেলতে পারে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়।
আমদানি-রপ্তানি
গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৫৬ শতাংশ। তবে প্রধান প্রধান রপ্তানি বাজারে অর্থনৈতিক সংকটের কারণে সম্ভাব্য বিশ্ব চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে রপ্তানি আয়ের গতি কিছুটা কমতে পারে।
সরকার এ পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছে এবং রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখি স¤প্রসারণে বিভিন্ন প্রণোদনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে বিশ্বজুড়ে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি বৃদ্ধি এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য জ্বালানির যোগান রাখার প্রয়োজনে গত অর্থবছরে আমদানি ব্যয় বেড়েছিল প্রায় ৪২ শতাংশ।
আমদানি ব্যয়ের এ ঊর্ধ্বমুখি ধারা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত ছিল। তবে খাদ্যপণ্যের আমদানি হ্রাস, বিশ্ব-চাহিদার সম্ভাব্য অবনমন ও সংকোচনমূলক মুদ্রানীতির কারণে আগামী দিনগুলোতে আমদানি ব্যয়ের ওপর চাপ কিছুটা কমে আসবে বলে মনে করা হয়।
অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয় প্রায় ১২ শতাংশ। আগামীতেও রেমিট্যান্স প্রবাহের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হয়।
রিজার্ভ পরিস্থিতির আরও উন্নতি হবে
প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের সেপ্টেম্বর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার। চলতি বছরের সেপ্টেম্বর শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার।
সরকারের নানা পদক্ষেপে বৈদেশিক লেনদেন পরিস্থিতির আরও উন্নতির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ‘স্বস্তিদায়ক’ অবস্থায় নিয়ে আসবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়।
বৈদেশিক লেনদেনের ভারসাম্য
রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বেশি হলেও চলতি হিসাবের ভারসাম্য (কারেন্ট একাউন্ট ব্যলান্স) সন্তোষজনক পর্যায়ে রয়েছে- প্রতিবেদন অনুযায়ী।
তবে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি তেলের আমদানি বৃদ্ধির ফলে চলতি হিসাবে উদ্বৃত্ত কমতে পারে।
অবকাঠামো ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ফলে দেশি ও বিদেশি বিনিয়োগ বেশ বাড়বে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এটি রপ্তানি বাড়াতে সহায়তা করবে এবং বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩০৭ ঘ.
bdnews24