ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম)- তিন লাখ ৫৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, পেট্রো-চায়না ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে প্রতি ব্যারেল ৩ দশমিক ৫০ ডলার প্রিমিয়ামে ৮০ হাজার মেট্রিক টন ডিজেল এবং প্রতি ব্যারেল ৭ দশমিক ২০ ডলার প্রিমিয়ামে ১৬ হাজার মেট্রিক টন অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
মালয়শিয়ার পেট্রোনাস ট্রেডিং কর্পোরেশন থেকে প্রতি ব্যারেল ৪০ দশমিক ৮০ মার্কিন ডলার প্রিমিয়ামে ২ লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি ব্যারেল ৪০ দশমিক ৪৮ ডলার প্রিমিয়ামে ৬০ হাজার মেট্রিক টন ফার্নেস ওয়েল আমদানির অনুমোদনও হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই তিন ধরনের জ্বালানি তেল আমদানি করবে বলে নুরুল করিম জানান।
এছাড়া মেসার্স রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেড ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন পেয়েছে। প্রতি মেট্রিক টন ৩০৬ দশমিক ৯৫ মার্কিন ডলারে এই গম আমদানি করা হবে।
এতে মোট ১২৭ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকা ব্যয় হবে বলে জানান অতিরিক্ত সচিব।
বাড্ডার প্রগতি স্মরণীর ‘মাদানী এভিনিউ-এর পূর্বমুখী স¤প্রসারণ প্রকল্পে’ রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ কাজের দু’টি দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দুটি লটে এ কাজ হবে। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা।
এছাড়া উত্তরা ১৮ নম্বর সেক্টরের দুটি অংশে ১৬তলা-বিশিষ্ট ৩১টি ভবন নির্মানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
অতিরিক্ত সচিব বলেন, প্রথম অংশ রাজউক এবং দ্বিতীয় অংশ গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে।
রাজউকের অংশে যৌথভাবে বিএফএল ও এইচসিএল দুই লটে চারটি ভবন নির্মাণের দরপত্র পেয়েছে। প্রতি লটে ব্যয় হবে ৭১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা।
মেসার্স এনাম টেডার্স একটি লটে দুটি ভবন নির্মাণ করবে, প্রতি লটে ব্যয় হবে ৭২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া এনা ডিডিজে কনস্ট্রাকশন পাঁচটি লটে ১০টি ভবন নির্মানের অনুমোদন পেয়েছে, প্রতি লটে ব্যয় হবে ৭২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়া গণপূর্ত অংশে যৌথভাবে বিএফএল ও এইচসি দুই লটে চারটি ভবন নির্মানের অনুমোদন পেয়েছে। প্রতি লটে ব্যয় হবে ৭১ কোটি ৪৯ লাখ টাকা। এনা বিডিকে কনস্ট্রাকশন পাঁচটি লটে ১০টি ভবন নির্মানের অনুমোদন করেছে। প্রতি লটের ব্যয় ৭২ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এসআই/এমকে/এমআই/১৫০৫ ঘ.
bdnews24