২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় এবার খনন হবে নতুন পদ্ধতিতে

এর ফলে উৎপাদনের গতি বেড়ে প্রায় দ্বিগুণ হবে বলে আশা করছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার সঙ্গে কথা বলে জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

আমিনূর রহমান রাসেল জ্বালানি খাত বিষয়ক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দ্বিতীয় স্তরের কয়লা উত্তোলন করা হবে নতুন পদ্ধতিতে। আর এতে উৎপাদনের গতি বেড়ে প্রায় দ্বিগুণ হবে বলে আশা করছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগের লংওয়াল পদ্ধতির পরিবর্তে এবার লংওয়াল টপ কোল কেভিং (এলটিসিসি) পদ্ধতিতে ৬ মিটার পুরুত্বের কয়লা কেটে তা উত্তোলন করা হবে। “এ পদ্ধতিতে চীন, রাশিয়া ও অস্ট্রেলিয়ায় কয়লা উত্তোলন করা হচ্ছে। সে বিবেচনায় ভূ-গর্ভের বিভিন্ন সমস্যা মোকাবেলা করে উৎপাদন প্রায় দ্বিগুণ করার লক্ষ্যে এলটিসিসি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে”, যোগ করেন তিনি। কামরুজ্জামান জানান, আগের পদ্ধতিতে শুধু স্তরের সামনের অংশ থেকে কয়লা কাটা হতো, নতুন পদ্ধতিতে সামনে-পিছনে পাশ থেকেও কয়লা কাটা যাবে। এতে অল্প সময়ে বেশি কয়লা উৎপাদন সম্ভব হবে। প্রথম স্তরের (স্লাইস) কয়লা উত্তোলন শেষে বর্তমানে এ খনির রক্ষণাবেক্ষণ চলছে। এ কাজ শেষে আগামী ১৬ মার্চ থেকে নতুন পদ্ধতিতে দ্বিতীয় স্তরের কয়লা উত্তোলন শুরু হবে। খনি থেকে কয়লা উত্তোলনকে একটি ‘কঠিন চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “একটি খনি যেমন অপার সম্ভাবনা রাখে, তেমনি এর রয়েছে বিভিন্ন সমস্যা ও সংকট। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষোভ, আন্দোলন, সংগ্রাম, সুবিধাবঞ্চিত কয়লা শ্রমিকদের আক্রোশ আর ভূ-গর্ভে প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কের মধ্যেও কয়লা উৎপাদন চালিয়ে যেতে হয়।” কামরুজ্জামান জানান, খনির মূল অংশ (দ্বিতীয় স্লাইস) থেকে কয়লা উত্তোলনের জন্য বিসিএমসিএল এবং চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের (এক্সএমসির নেতৃত্বে) সঙ্গে ৭২ মাস মেয়াদী একটি একটি উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি হয় গত বছর অগাস্টে। চুক্তিতে দ্বিতীয় স্তর থেকে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার জন্য এক্সএমসি-সিএমসিকে ২০০ দশমিক ৯৭ মিলিয়ন ডলার দিতে হবে। কয়লা উত্তোলনের পর বিক্রি শেষে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে বড়পুকুরিয়া কোল মাইনিং কর্তৃপক্ষ। দ্বিতীয় স্তর থেকে প্রতি টন কয়লা উৎপাদনের ব্যয় ধরা হয়েছে ৫৬ ডলার, গত অর্থবছরে যা ছিলো ৬৪ দশমিক ৫৮ ডলার। ২০০৫ সালে এ খনি থেকে কয়লা উত্তোলনের শুরুতে প্রতি টনে ব্যয় ছিলো ৯১ দশমিক ০৮ ডলার। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও ধীরে ধীরে কমে আসছে। বড়পুকরিয়া কয়লা খনির প্রথম স্লাইস থেকে উত্তোলনের জন্য ২০০৫ সালের জুনে সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের (সিএমসির নেতৃত্বে) সঙ্গে বিসিএমসিএলের করা ৭১ মাস মেয়াদী চুক্তির মেয়াদ শেষ হয় গত বছরের ১০ অগাস্ট। এমডি জানান, চুক্তি অনুযায়ী ৮২ দশমিক ৩০ মিলিয়ন ডলারে মোট চার দশমিক ৭৫ মিলিয়ন টন কয়লা তোলার কথা ছিল সিএমসি-এক্সএমসির। তবে নির্ধারিত সময়ে উৎপাদন হয়েছে তিন দশমিক ৬৫ মিলিয়ন টন কয়লা, যা লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ০৯৯ মিলিয়ন টন কম। কামরুজ্জামান বলেন, “১৯৯৪ সালে বড়পুকুরিয়া খনি উন্নয়নের শুরুতে চীনা ঠিকাদার সিএমসি সরবরাহ ঋণ হিসেবে ১০৯ দশমিক ২৩৫ মিলিয়ন ডলার দেয়, যা ছয় বছর রেয়াতী মেয়াদের পর থেকে পাঁচ শতাংশ সুদসহ আট বছরে ১৭টি কিস্তিতে পরিশোধ করার কথা ছিলো।” সে অনুযায়ী ঠিকাদার সিএমসিকে এ পর্যন্ত ১৫টি কিস্তিতে ১১৮ দশমিক ৩৪১ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। বাকি ১৩ দশমিক ৬৩৮ মিলিয়ন ডলার চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানান তিনি। কয়লা খনির জন্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে স্থায়ী ক্ষতিপূরণ দেওয়াসহ খনি এলাকার ৬২৭ দশমিক ৭৩ একর জমি অধিগ্রহণের জন্য ২০১০ সালের নভেম্বরে ‘কমপেনসেশন প্যাকেজ ফর রিহ্যাবিরেটশন দি অ্যাফেক্টডেট পিপল অব বড়পুকুরিয়া কোল মাইন (সেন্ট্রাল পার্ট)’ শীর্ষক ১৯০ দশমিক ৫৩ কোটি টাকার একটি বরাদ্দ অনুমোদন করে একনেক। এর আওতায় গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে। বাকি টাকাও শিগগিরই দেওয়া হবে বলে কামরুজ্জামান জানান। বর্তমানে কয়লা উত্তোলন বন্ধ থাকায় বড়পুকুরিয়া খনির পাশে পিডিবির ২৫০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রায় এক লাখ ২০ হাজার টন কয়লা মজুদ রাখা হয়েছিল। পিডিবি ছাড়াও ইটভাটাসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান এ খনির গ্রাহক হলেও আপাতত তাদের কাছে কয়লা বিক্রি করছে না বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। কামরুজ্জামান জানান, পিডিবিই এ খনির ৮০ শতাংশ কয়লা ব্যবহার করে। বাকি ২০ শতাংশ কয়লা কেনে অন্য ক্রেতারা। পিডিবি আগে ৮৪ ডলারে প্রতি টন কয়লা কিনলেও উন্নয়ন কাজ শেষের পর দ্বিতীয় দফায় কয়লা উত্তোলন শুরু হলে তাদের প্রতি টনে ১১০ ডলার করে দিতে হবে বলে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। কামরুজ্জামান বলেন, “তারা এর কমে কিনতে চাইলে খনির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।” পিডিবির ছাড়া অন্য ক্রেতাদের কাছে এতোদিন ১৪১ ডলার দরে প্রতি টন কয়লা বিক্রি করে আসছিল বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। ১৯৮৫ সালে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের (জিএসবি) জরিপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়। প্রায় ৬ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এ খনিতে আনুমানিক ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৬৫০ ঘ.