২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি সঙ্কটে নয়: মুহিত

মূল্যস্ফীতি প্রায় এক বছর ধরে দুই অঙ্কের কোঠায় থাকলেও অর্থমন্ত্রী সংসদে বলেছেন, তা উদ্বেগজনক পর্যায়ে নয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি সঙ্কটে নয় এবং মূল্যস্ফীতিও উদ্বেগজনক পর্যায়ে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সামষ্টিক অর্থনীতি এবং দুই অঙ্কের কোঠার মূল্যস্ফীতি নিয়ে সমালোচনার মধ্যে বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এই দাবি করেন। নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন- “গণমাধ্যমে আপনার বরাতে প্রকাশিত হয়েছে যে, দেশের অর্থনীতি সঙ্কটাপন্ন, জিডিপি প্রবৃদ্ধিতে কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে না, মূল্যস্ফীতি উদ্বেগজনক। অর্থমন্ত্রী হিসেবে অর্থনীতি সম্পর্কে এই ধরনের নেতিবাচক মন্তব্য করার যৌক্তিক কারণ কী?” উত্তরে মুহিত বলেন, “না, ইহা সত্য নয় যে দেশের অর্থনীতি সঙ্কটাপন্ন এবং মূল্যস্ফীতি উদ্বেগজনক। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি আছে সত্য, তবে তা অবশ্যই উদ্বেগজনক পর্যায়ে নয়।” অর্থমন্ত্রী বলেন, গত তিন বছরে (২০০৮-০৯, ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছর) দেশে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৬ দশমিক ৬৬ শতাংশ, ৭ দশমিক ৩১ শতাংশ এবং ৮ দশমিক ৮ শতাংশ; যা অন্য বহু দেশের তুলনায় কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ফেব্র“য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৪ শতাংশে। এর পর থেকেই মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে। বাজেটে অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫-এ রাখার লক্ষ্য ঠিক করা হলেও জানুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংক আভাস দিয়েছে, তা ৯ শতাংশ হতে পারে। মুহিত বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত তিন বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির যথাক্রমে ৫ দশমিক ৭৪, ৬ দশমিক ০৭ এবং ৬ দশমিক ৭ শতাংশ। গত তিন বছরের কাঙ্খিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা রক্ষা এবং দেশের অর্থনীতি গতিশীল রাখতে চলতি ২০১১-১২ অর্থবছরেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ। তবে পুনরায় মন্দা আসা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশে দাম সমন্বয়ের চেষ্টা, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব, ব্যাপক পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সামগ্রী আমদানির ফলে আমদানি ব্যয় বৃদ্ধি, গত বছরের অক্টোবরে হঠাৎ করে রেমিট্যান্স কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার অবচিতি জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে ঝুঁকি তৈরি করেছিল বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সেজন্য দেশবাসীকে পূর্বে থেকেই সচেতন করা হয় যে চলতি অর্থবছর খাদ্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত অভিঘাত মোকাবিলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।” “তবে সরকারের দক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও সময়োপযোগী পদক্ষেপের কারণে সে অনিশ্চয়তা ইতোমধ্যে কেটে গেছে। আমাদের মনে রাখতে হবে, অর্থনৈতিক উন্নয়নের জন্য এক বছরই সব কথা নয়, মধ্য ও দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, আমাদের প্রবৃদ্ধির উচ্চধারা অব্যাহত থাকবে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও বহাল থাকবে,” বলেন মুহিত। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের গত ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত সরকার ১৭ হাজার ৮৫৭ কোটি টাকার ব্যাংক ঋণ পরিশোধ করেছে। বর্তমানে সরকারের বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ হচ্ছে ৭ হাজার ৭৪৩ কোটি টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি প্রাইমারি ডিলার ব্যাংক থেকে সরকার ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যুর মাধ্যমে ২৫ হাজার ৬০০ কোটি টাকা নতুন ঋণ নিয়েছে। একই সময়ে সরকার ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ১৭ হাজার ৮৫৭ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। সরকারের ঋণ গ্রহণ নিয়ে বিরোধী দল ও ব্যবসায়ী মহলের সমালোচনার জবাবে মুহিত বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ মূল্যস্ফীতির একমাত্র কারণ বা প্রধান কারণ, এমন ধারণা সঠিক নয়। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের শুরুতে ২০০৯ সালের ৬ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫ হাজার ৩৪৯ দশমিক ১৭ মিলিয়ন ডলার। আর গত ২০ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৯ হাজার ৮৫৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলার। বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৯ ভাগ। অন্যদিকে চারদলীয় জোট সরকারের শেষ সময় অর্থাৎ ২০০৫ সালের ৩০ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর ২০০৬ সালের ৩০ জুন এর পরিমাণ ছিল ৩ হাজার ৪৮৩ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। বার্ষিক প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ২২ ভাগ। মুহিত জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ১৪ হাজার ১২৯ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭৭০ দশমিক ১১ মিলিয়ন ডলার ঋণ এবং ২ হাজার ৩৫৯ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ উপাত্ত তুলে ধরে মুহিত সংসদে জানান, বর্তমানে (২০১০-১১ অর্থ বছরে) জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ এবং মাথাপিছু জাতীয় আয় ৮১৮ ডলার। রাজস্ব আদায় নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা (এনবিআর অংশ) ছিল ৭৫ হাজার ৬০০ কোটি টাকা, আদায়ের পরিমাণ ছিল ৭৯ হাজার ৪০২ কোটি ৮৩ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার ১০৫ দশমিক ৩ শতাংশ। আগের অর্থ বছরের তুলনায় তা ২৭ দশমিক ৯৮ শতাংশ বেশি। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে আয়কর আদায়ের আনুপাতিক লক্ষ্যমাত্রা ৯ হাজার ৫১২ কোটি টাকা হলেও ১০ হাজার ১৩৭ কোটি ৮৬ লাখ টাকা আদায় হয়েছে বলে জানান তিনি। পুঁজিবাজার জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুঁজিবাজারের কারসাজি চিরতরে বন্ধ করতে সরকার পুনর্গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে সিকিউরিটিজ সংক্রান্ত আইন, বিধি-বিধান যুগোপযোগী করছে। তাছাড়া প্রচলিত সিকিউরিটিজ আইনের আওতায় বাজার সংশ্লিষ্ট সব পক্ষের কার্যক্রম তদারক করা হচ্ছে। “শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর যে সব অব্যবস্থাপনা ও দুর্বলতার কারণে কারসাজি চলছে, তা চিরতরে আইনগতভাবে বন্ধ করার পরিকল্পনা সরকারের রয়েছে,” বলেন তিনি। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলা গত ১৫ বছরেও নিষ্পত্তি হয়নি। এর প্রধান কারণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন- বিচারিক আাদলতের বিভিন্ন আদেশের বিরুদ্ধে আসামি পক্ষের আবেদনে উচ্চ আদালতের স্থগিতাদেশ, সাক্ষীর অভাব, তথ্য-প্রমাণের অপর্যাপ্ততা, বিচারিক আদালতে মামলার আধিক্য। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মুহিত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৩০ ঘ.