আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীতিমালা চূড়ান্ত করার পর গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বিক্রি থেকে পাওয়া অতিরিক্ত অর্থ দিয়ে গঠিত ‘গ্যাস উন্নয়ন তহবিল’ কাজে লাগানো হচ্ছে।
তহবিলটি গঠনের আড়াই বছর পর গত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালা-২০১২ এর প্রজ্ঞাপন জারি করেছে।
এই নীতিমালার আলোকে গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে অনুসন্ধান, উৎপাদন ও সঞ্চালন কাজে নিয়োজিত চারটি কোম্পানিকে এ তহবিল থেকে বরাদ্দ দিতে একটি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্টোবাংলা)।
কোম্পানিগুলো হচ্ছে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
পেট্টোবাংলার চেয়ারম্যান অধ্যাপক মো. হোসেন মনসুর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর কোম্পানিগুলোকে বরাদ্দ দেওয়া হবে।
তহবিলে ২০০৯ সালের অগাস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১ হাজার ১০০ কোটি টাকা জমা দিয়েছে পাঁচটি গ্যাস বিতরণ কোম্পানি। এছাড়া আগামী জুন পর্যন্ত আরো ৫০০ কোটি টাকা জমা পড়বে ধরে মোট এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
পেট্টোবাংলার পরিচালক (অর্থ) মোহাম্মদ রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২টি প্রকল্পে পৃথকভাবে চারটি কোম্পানিকে প্রায় ১৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য একটি প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কোম্পানিগুলোকে বরাদ্দ দেওয়া হবে।”
তিনি বলেন, ১২টি প্রকল্পের মধ্যে বাপেক্সের চারটি, বিজিএফসিএলের দুইটি, এসজিএফএলের ১টি এবং জিটিসিএলের চারটি।
ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়াতে পেট্টোবাংলার প্রস্তাব অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০০৯ সালের ৩০ জুলাই গড়ে ১১ দশমিক ২২ শতাংশ দাম বাড়ানোর আদেশ দেয়।
ওই আদেশে দাম বাড়ানোর ফলে অতিরিক্ত যে অর্থ আসবে তা থেকে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করার জন্য পেট্টোবাংলাকে নির্দেশ দেয় বিইআরসি।
গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালার প্রজ্ঞাপন জারি প্রসঙ্গে বিইআরসি সদস্য মো. ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হলেও নীতিমালার অভাবে এ তহবিলের অর্থ ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। যা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সমাধান হয়েছে।”
গ্যাস উন্নয়ন তহবিলের মেয়াদ হবে এ নীতিমালা জারির তারিখ থেকে ১০ বছর। এই মেয়াদ শেষ হলে তহবিল পরিচালনার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালা,
নীতিমালায় বলা হয়, “গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে সরবরাহের ভারসাম্য বজায় রাখতে উৎপাদনরত আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) উপর নির্ভরতা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্টায়াত্ব প্রতিষ্ঠানের অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম জোরদার করার জন্য অর্থ বিনিয়োগ প্রয়োজন।”
“এজন্য বিইআরসির আদেশ অনুযায়ী, গ্যাসের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর ফলে বর্ধিত মূল্যের ওপর প্রযোজ্য সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ৫৫ শতাংশ হারে আদায়কৃত অতিরিক্ত অর্থ থেকে আগের বছর প্রদত্ত করের সমপরিমাণ অর্থ গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে।”
নীতিমালায় বলা হয়, গ্যাস উন্নয়ন তহবিল থেকে বিনিয়োগকৃত অর্থে নেওয়া প্রকল্প লাভজনক বা বাণিজ্যিকভাবে সফল হলে ওই অর্থ প্রকল্প শুরুর ১০ বছরের মধ্যে মোট ১৪ কিস্তিতে (৪র্থ থেকে ১০ম বছরের মধ্যে) ২ শতাংশ সার্ভিস চার্জসহ ফেরত দিতে হবে।
তবে কেবল গ্যাস অনুসন্ধানের জন্য গৃহীত প্রকল্পে উত্তোলনযোগ্য গ্যাস না পাওয়া গেলে অথবা বাণিজ্যিকভাবে লাভজনক না হলে নেওয়া নেওয়া অর্থ তহবিলে ফেরত দিতে হবে না। তা বিবেচিত হবে অনুদান হিসেবে।
দেশীয় কোম্পানিগুলোর গ্যাস অনুসন্ধান, উৎপাদন, উন্নয়ন ও সঞ্চালন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ এ তহবিল থেকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ করা হবে।
প্রকল্প বাছাইয়ের জন্য পেট্টোবাংলার পরিচালককে (অর্থ) আহ্বায়ক করে ছয় সদস্যের একটি বাছাই কমিটি প্রণয়ন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করা হবে, যা চূড়ান্তভাবে অনুমোদন দেবে মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১২৩১ ঘ.
bdnews24