ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপণন ব্যবস্থায় গ্রাহকের কল্যাণের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকায় প্রথম বিশ্ব বিপণন সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে এই নতুন উন্নয়ন ধারণা ঢাকা থেকে শুরু হচ্ছে। আমরা গর্বিত এজন্য যে ঢাকাকে এই শীর্ষ সম্মেলনের ঠিকানা হিসেবে গ্রহণ করা হয়েছে।”
“এর ফলে বাংলাদেশের সম্ভাবনা, উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় সঙ্কল্প, অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা এবং বিশ্ব বিপণন ফোরামকে একটি কার্যকর বিশ্ব সংস্থা হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের ভূমিকার প্রতি আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে।”
বিপণন জগতের গুরু হিসাবে খ্যাত ফিলিপ কটলারের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনের এই সম্মেলন হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন বাংলাদেশের শক্তি ও সক্ষমতা, আমাদের ব্যক্তি খাত ও নাগরিক সমাজের গতিশীলতা, আমাদের জনগণের শক্তি, বাংলাদেশের সংস্কৃতি, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থার শক্তিশালী দিকগুলো তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে।
পাশাপাশি উৎপাদন, সরবরাহ এবং সামাজিক কৌশলগত দিকগুলো সম্পর্কে আমাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষার ফলাফলগুলোও এই সম্মেলনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচিত হবে, বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিপণন ব্যবস্থায় অবশ্যই গ্রাহক কল্যাণ নিশ্চিত করতে হবে এবং জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে মানুষের অব্যাহত কল্যাণের দিকটি দেখতে হবে।”
রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের ন্যায় ও সমতাভিত্তিক কল্যাণকর সমাজ কাঠামো গড়ে তুলতে বিপণন ব্যবস্থা সাজানোর পরামর্শ দেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই ফোরাম একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে নেতৃস্থানীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পাবে।
বিপণনে নৈতিকতা এবং গ্রাহক আচরণ নির্ণয়ে যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি কী ধরনের ভূমিকা পালন করতে পারে তাও পরীক্ষা-নিরীক্ষা করে দেখার ওপর জোর দেন শেখ হাসিনা।
তিনি বলেন, “এখন সময় এসেছে, সবগুলোর না হোক, এসব বিষয়ের কোনো কোনোটির উত্তর আমাদের খুঁজে বের করা। আমি আশা করি, এ ‘বিশ্ব বিপণন সম্মেলন’ অনেক প্রশ্নের বাস্তব উত্তর খুঁজে বের করতে সহায়ক ভূমিকা পালন করবে।
“আমি অত্যন্ত আশাবাদী যে এ সম্মেলন আমাদের সরকারগুলোকে নতুন নতুন বিষয়ের মুখোমুখি করবে এবং কার্যকর সমাধানের পথ দেখাবে। একই সঙ্গে সরকার এবং কর্পোরেট জগতের মধ্যে অংশীদারিত্বের সুযোগ তৈরি করবে।”
বিশ্বে সম্পদের সুষম বণ্টনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের একপ্রান্তে সম্পদের বিপুল অপচয় আর অন্যপ্রান্তের অপ্রতুলতা মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করছে। অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং পরিবেশ দূষণের মতো ক্ষতিকারক কর্মকাণ্ড উৎসস্থল থেকে দূর-দূরান্ত পর্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে।
টেকসই নয় এমন প্রাকৃতিক সম্পদ আহরণ হ্রাস, পরিমিত চাহিদা নির্ধারণ এবং অবিবেচক ভোগ হ্রাস করতে দায়িত্বশীল বিপণন ব্যবস্থা কোনো ভূমিকা রাখতে পারে কি না, তার ওপর নজর দিতে তিনি আহ্বান জানান।
বিপণনের মতো একটি সুদৃঢ় ব্যবস্থার অবস্থান থেকে নতুন পথের সন্ধানে অগ্রবর্তী ভূমিকা গ্রহণের জন্য ফিলিপ কটলারকে ধন্যবাদ জানান হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিপ কটলার উন্নয়নে বিপণনের গুরুত্ব তুলে ধরে বলেন, “এখন বিভিন্ন দেশ বিপণনকে তাদের উন্নয়নের একটি মাধ্যম হিসাবে দেখে থাকে। বিপণনকে এখন জীবনমানের মাধ্যম হিসাবেও দেখা হয়।”
“বড় প্রতিষ্ঠানগুলোর সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তা আমরা এই সম্মেলনে তুলে ধরতে চাই,” বলেন তিনি।
বড় প্রতিষ্ঠানগুলোর পণ্যের মানের সঙ্গে ক্রেতার হৃদয় জয় করার প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যারা পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতার হৃদয়ে স্থান করে নিতে পারে, তারাই ভালো কোম্পানি।”
পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ‘খুবই সম্মানজনক’ অভিহিত করে বলেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে আমরা প্রতিনিয়তই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, সেখানে এই সম্মেলন মানব কল্যাণে উন্নয়ন সাধন করবে।”
অনুষ্ঠানে আঙ্কটাডের মহাসচিব সুপাচাই পানিচাপাকদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামালও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩০ ঘ.
bdnews24