ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমসহ স্থানীয় পাঁচটি প্রতিষ্ঠানকে বিদেশি ব্যাংক থেকে প্রায় পাঁচ কোটি ডলার ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বুধবার বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত যাচাই কমিটির ৬২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিমেন্ট কোম্পানি সুন সিং (সিমেন্ট) লিমিটেডের ২ কোটি ডলার ঋণের একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এছাড়া এ সি এস টাওয়েল লিমিটেডের ১ কোটি ডলার, এম জে এল বাংলাদেশের ১ কোটি ৫০ লাখ ডলার, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) ৯৫ লাখ ডলার এবং এ ডি এন সিস্টেম লিমিটেডের ১ কোটি ৯০ লাখ ডলার বিদেশি ঋণ অনুমোদন করেছে।
এ সব ঋণের সুদের হার হবে লন্ডন আন্তঃব্যাংক ঋণ হারের (লাইবর) চেয়ে চার শতাংশ বেশি।
স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের ঋণ নিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। স্থানীয় কোম্পানিগুলো বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে এ ধরনের ঋণ নিলে রিজার্ভ অঅরও বাড়বে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে। লেনদেন ভারসাম্যেও (ব্যালান্স অপ পেমেন্ট) ইতিবাচক প্রভাব পড়বে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১২৫ ঘ.
bdnews24