প্রতিশ্রুত সুদ হার বাস্তবায়ন চায় কেন্দ্রীয় ব্যাংক
আমানত ও ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর দেওয়া প্রতিশ্র“ত সুদ হারের বাস্তবায়ন দেখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিাের ডটকম)- আমানত ও ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর দেওয়া প্রতিশ্রুত সুদ হারের বাস্তবায়ন দেখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তবে ব্যবসায়ীরা আমানত ও ঋণের সুদ হার আরো কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন।
‘ব্যাংকের সুদ, তারল্য ও শেয়ারবাজার’ পরিস্থিতি নিয়ে সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্বে একদল ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিরা।
প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “ব্যাংকের বিভিন্ন সমস্যা বিষয়ে আজকে আমরা ব্যবসায়ীদে সঙ্গে আলোচনা করেছি। ব্যবসায়ীরা ব্যাংকিং খাতের বেশি সুদের বিষয়ে কথা বলেছেন।”
এস কে সুর বলেন, “এর আগে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আমাদের জানিয়েছিল যে, আমানতে সাড়ে ১২ শতাংশ এবং ঋণে সাড়ে ১৫ শতাংশের বেশি সুদ তারা নেবে ও দেবে না।”
“আজকের বৈঠকে এ বিষয়টি প্রতি আরো কড়া নজরদারির সিদ্ধান্ত হয়েছে। দু-একটি ব্যাংক এর বেশি সুদ নিচ্ছে বলে আমরা অভিযোগ পেলেও বিষয়টি নিয়ে ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে নানাভাবে সমন্বয় করে নিচ্ছে।”
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, “বর্তমান হারও আমাদের জন্য অতিরিক্ত। এতো চড়া সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না, আবার বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না।”
“আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করেছি আগের হার অর্থাৎ আমানতে সর্বোচ্চ ১২ এবং ঋণে সর্বোচ্চ ১৪ শতাংশ হারে সুদ নির্ধারণ করা হোক।”
পুঁজিবাজারের স্বার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বৈঠকে সুদ হার আরো কমানোর দাবি করেন বলে জানান এ কে আজাদ।
ডেপুটি গভর্নর সুর বলেন, “বর্তমানের প্রতিশ্র“ত সুদ হার আরো কড়াভাবে নজরদারি করে কার্যকর করা হোক। পরবর্তীতে আবার আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ডেপুটি গভণনর সব ব্যাংককে অনুরোধ জানিয়ে বলেন, “দেশের ব্যবসা বাণিজ্যের স্বার্থে বর্তমান সুদ হার অনুসরণ করা হোক।”
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমজাদ খান চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।
বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন, ডিএসই সভাপতি শাকিল রিজভী, সিএসই সভাপতি আল মারুফ খান, নারী উদ্যোক্তা নাসরিন আওয়াল মিন্টু এবং বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন প্রমুখও বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/পিডি/২০৪৫ ঘ.
