২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় পর্দা উঠল মোবাইল কংগ্রেসের

প্রযুক্তি নির্ভর নতুন সেবা চালুর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারণা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ প্রদর্শিত হবে এই সম্মেলনে। বার্সেলোনা থেকে জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

শামীম আহমেদ বার্সেলোনা থেকে বার্সেলোনা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তি নির্ভর নতুন সেবা চালুর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারনা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ ও প্রদর্শনী নিয়ে শুরু হয়েছে জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২। স্পেনের বার্সেলোনায় স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টায় মোবাইল কংগ্রেসের ১৭তম আসর উদ্বোধন করা হয়। এবারের কংগ্রেসে প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এক হাজার ৪০০টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এ বছরের মোবাইল কংগ্রেসের স্লোগান ‘রিডিফাইনিং মোবাইল’। মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের নাগলে নতুন সেবা আনার সুযোগ তৈরি করবে চার দিনব্যাপী এ মেলা। অংশগ্রহনকারী ১৩০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা কংগ্রেসে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তরঙ্গ ফি কমানোর ওপর জোর দেন মোবাইল অপারেটরেরা। তরঙ্গ ফি কমানো হলে এ খাতে নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হবে বলে তারা জানান। জিএসএম এ চেয়ারম্যান ফ্যাঙ্কো বার্নাবে বলেন, অপারেটরদের ব্যবসা নিশ্চিত করতে হবে, কারণ আগামী চার বছরে এ খাতে অনেক বেশি বিনিয়োগ হবে। আর এ বিনিয়োগ সুরক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক অপারেটর এটিঅ্যান্ডটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রালফ ডি লা ভেগা, চায়না মোবাইলের প্রেসিডেন্ট লি উই ও ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিল্লোরিও কোলারিয়র বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনের স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে অ্যাপ্লিকেশন তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। চার দিনের সম্মেলনে বিভিন্ন বিষয়ে কয়েকশ’ সেমিনার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গত এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করে বিভিন্ন বিষয়ে অপারেটর এবং প্রযুক্তিপণ্য নির্মাতাদের পুরস্কার দেওয়া হবে। এজন্য ১৫৮টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধি এবং মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের আয়োজক জিএসএম এসোসিয়েশন গত বছরের জুলাই মাসে বার্সেলোনাকে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের মোবাইল রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে। ২০০৬ সাল থেকে বার্সেলোনাতেই এ কংগ্রেস হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৯২৭ ঘ.