২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৌর বিদ্যুতে সেচ পাম্প চালানোর উদ্যোগ হচ্ছে’

পরিবেশ দূষণ রোধে আগামী বছর থেকে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প চালানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ রোধে আগামী বছর থেকে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প চালানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী রোববার এ প্রসঙ্গে বলেন, “পরিবেশ দূষণ রোধ তথা কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদন করার জন্য সরকার পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে সারাদেশে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি খাতের উন্নয়ন ও গবেষণায় সহযোগিতা বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উপদেষ্টা। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে একটি কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আগামী বছর থেকে ডিজেল চালিত পাম্পের পরিবর্তে অধিক হারে সৌর বিদ্যুতের সেচ পাম্প চালানো হবে।” এক্ষেত্রে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) ভিত্তিতে পাম্প নির্মাণ করা যেতে পারে বলে মত দেন তিনি। এর আগে জ্বালানি খাত উন্নয়ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা পেতে যুক্তরাজ্যের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে সরকার। সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব মো আনোয়ার হোসেন এবং যুক্তরাজ্যের দুইটি প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব এনার্জি অ্যাণ্ড ক্লাইমেট চেঞ্জ (ডিইসিসি) এবং দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স রিচার্স কাউন্সিলের পক্ষে বিট্রিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন স্মারকে সই করেন। তৌফিক-ই-ইলাহী বলেন, “এ সমঝোতা স্মারক অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের পাশাপাশি জ্বালানির সংরক্ষণ ও দক্ষতা বাড়াতে সবশেষ প্রযুক্তি ও কৌশল নিয়ে গবেষণা পদ্ধতি ও নীতি নির্ধারণ করা হবে।” এজন্য সরকার স¤প্রতি সাসটেইনএবল অ্যাণ্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) এবং ন্যাশনাল এনার্জি রিসার্চ কাউন্সিল (এনইআরসি) গঠন করেছ বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবার্ট ডব্লিউ গিবসন বলেন, “ভিন্ন ভিন্ন উৎস থেকে অর্থের যোগান হবে, তবে তা এখনো ঠিক হয়নি।” বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে এ খাতের উন্নয়নে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে।” এর আওতায় পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি। বিদ্যুৎ বিভাগ আয়োজিত ওই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০২৬ ঘ.