ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, ঢাকার গ্লোবো পিউ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির দরপত্র পেয়েছে।
প্রতি মেট্রিক টন চিনি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ দশমিক ৯৫ মার্কিন ডলার। এতে মোট ১৬১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
এছাড়া বিআইডব্লিউটিএ’র ‘ছয়টি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার’ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহ সংক্রান্ত প্রস্তাব পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানান নুরুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫০৭ ঘ.
bdnews24