ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট আগামী ৭ মার্চ বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান বলেন, “ঐতিহাসিক সাতই মার্চ নোটগুলো বাজারে ছাড়া হবে।”
১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সামনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিস এবং সব ব্যাংকের শাখা থেকে নোটগুলো একযোগে ছাড়া হবে বলে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, “সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নোটগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে।”
নতুন এ সব নোটে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার ছবি রয়েছে।
এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24