ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বাংলাদেশ ব্যাংকের বিদায়ী ও নতুন ডেপুটি গভর্নরদের সংবর্ধনা দিয়েছে।
শনিবার মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এ সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আতিউর রহমান। এদিন ‘বিআইবিএম-ডে ২০১২’ উদযাপন করা হয়।
গভর্নর একই অনুষ্ঠানে বিদায়ী ডেপুটি গভর্নরদের বিদায় সংবর্ধনা এবং নতুন ডেপুটি গভর্নরদের স্বাগত জানানোর ব্যবস্থা করায় বিআইবিএমকে ধন্যবাদ জানান।
গভর্নর বলেন, বিদায় তিন ডেপুটি গভর্নর তাদের স্ব স্ব ক্ষেত্রে বিগত দিনগুলিতে অপরিসীম ভূমিকা পালন করেছেন। যার সুফল ভোগ করছে দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো।
তিনি নতুন ডেপুটি গভর্নরদের স্বাগত জানান।
গভর্নর বলেন, প্রাক্তনদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি, আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনাসহ অন্যান্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নতুনরা তাদের এই ধারা অব্যাহত রেখে সার্বিক কর্মকাণ্ডকে আরও পরিণত রূপ দিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন আতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৫২ ঘ.
bdnews24