২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হাট বসবে ত্রিপুরা সীমান্তে

ভারতের কেন্দ্রীয় সরকার আসন্ন নতুন অর্থ বছরেই এ জন্য অর্থ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 06:03 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

আগরতলা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের পর এবার ত্রিপুরা সীমান্তেও চালু হবে সীমান্ত হাট। ভারতের কেন্দ্রীয় সরকার আসন্ন নতুন অর্থ বছরেই এ জন্য অর্থ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে এক বৈঠকের পর ত্রিপুরার মন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেন, “আমরা একটি সীমান্ত হাট চালুর ব্যাপারে কেন্দ্রের সায় পেয়েছি। আসছে এপ্রিলে শুরু হতে যাওয়া ২০১২-১৩ অর্থবছরেই এ হাট চালু হবে।” ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে চারটি হাট চালু করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও কেন্দ্র থেকে একটির অনুমোদন মিলেছে বলে জানান জয়ন্ত। তিনি বলেন, সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে স্থাপিত এই হাটে দুই দেশের মানুষ কৃষিপণ্য, শাকসব্জি, মাছ ও শুটকি, মসলা, হাঁস-মুরগি ও ডিম, দুধ, আসবাবপত্র, তাঁতের কাপড়, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবেন। সপ্তাহে এক বা দুইবার বসবে এই হাট। বেচাকেনা চলবে দুই দেশের মুদ্রাতেই। এজন্য কোনো শুল্ক বা কর প্রযোজ্য হবে না। তবে একজন সর্বোচ্চ ৫০ ডলার সমপরিমাণ টাকার পণ্য কিনতে পারবেন বলে ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তারা জানান। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সীমান্তে হাট চালুর বিষয়ে মতৈক্য হয় দুই দেশের মধ্যে। পরে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে সময় বলা হয়েছিল, সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা সম্ভব। তবে কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের মাঝে কালাইরচর সীমান্তের ‘জিরো পয়েন্টে’ চালু হওয়া প্রথম সীমান্ত হাট তেমন একটা সাড়া ফেলতে পারেনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের মন্ত্রী আনন্দ শর্মা গত বছর ২৩ জুলাই ওই হাটের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪৫ ঘ.