২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি প্রক্রিয়া অনলাইনে তদারকি শুরু

রপ্তানি কার্যক্রম আরো সহজ ও গতিশীল করতে ‘এক্সপোর্ট অনলাইন মনিটরিং সিস্টেম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি কার্যক্রম আরো সহজ ও গতিশীল করতে ‘এক্সপোর্ট অনলাইন মনিটরিং সিস্টেম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতোদিন একটি অফলাইন সফটওয়্যারের মাধ্যমে রপ্তানি মনিটরিংয়ের কাজ আঞ্চলিক ভিত্তিতে করা হতো। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, “এই সফ্টওয়্যারটি ব্যবহারের মাধ্যমে রপ্তানি কার্যক্রম মনিটরিং অত্যন্ত কার্যকর ও গতিশীল হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে রপ্তানির পরিমাণ, রপ্তানিমূল্য প্রত্যাবাসনের পরিমাণ, রপ্তানি মূল্যের আউটষ্ট্যান্ডিং ও ওভারডিউ সম্পর্কিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যাবে এবং এ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর হবে। “অন্যদিকে প্রত্যেক ব্যাংক তাদের নিজ নিজ এডি শাখাগুলোকে নিবিড় মনিটরিং ও সুপারভিশনের আওতায় এনে মনিটরিং এবং কমপ্লায়েন্সকে জোরদার করতে পারবে। এ সিস্টেম বাস্তবায়নের ফলে ব্যাংকের রপ্তানি রিপোর্টিং সহজ হবে এবং ব্যাংকগুলোর কর্মঘণ্টা ও ব্যয় কমে আসবে।” আতিউর রহমান বলেন, “কেন্দ্রীয় ব্যাংক ইনওয়ার্ড ও আউটওয়ার্ড রেমিট্যান্স, ইমপোর্ট মনিটরিং সফ্টওয়্যারসহ আরো কিছু সফ্টওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে যা খুব শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে।” বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের নিজস¦ ক্ষমতায় এ সফ্টওয়্যারটি তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সিআইবি অনলাইন, সঞ্চয়পত্র অটোমেশন, ব্যাংকিং সফট্ওয়্যার, মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান ও ডাটা ওয়্যার হাউসসহ সাপোর্ট সার্ভিস প্রদানকারী বিভাগসমূহের জন্য নিজস্ব ক্ষমতায় ৮০টিরও বেশি সফটওয়্যার চালু করেছে যার মধ্যে বেশ কিছু ইন্টারনাল সফটওয়্যারের কার্যক্রম সফলভাবে চলছে, যা ব্যাংকের বিভিন্ন সেবা সুবিধা বৃদ্ধিসহ ব্যয় কমিয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নুরুল আমিনসহ জাতীয় রাজস্ব বোর্ড, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২২৩৬ ঘ.