ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে প্রথমবারের মতো ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
ই-টেন্ডারিং ব্যবস্থায় ৯৫০ কিলোমিটার দূরত্বের বিদ্যুতের তার কিনতে বৃহস্পতিবার বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আরইবি । এসবিএস কেবল লিমিটেডের পক্ষে উপ-মহাব্যবস্থাপক সালেহ আজহমেদ রতন এবং পবিসের পক্ষে পরিচালক (সংগ্রহ) তোরারব আলী আকুঞ্জি।
এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব তাপস কুমার রায় এবং আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।
আরইবির চেয়ারম্যান মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুৎ খাতে প্রথমবারের মতো ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করেছে আরইবি । চুক্তির আগে অন-লাইনের মাধ্যমে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
চার কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৯৫০ কিলোমিটার দূরত্বের বিদ্যুতের ক্যাবল (তার) কেনার জন্য এসবিএস ক্যাবল লিমিটেডের সঙ্গে চুক্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী চার মাসের মধ্যে তার সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এই তার দিয়ে প্রায় ৪০ হাজার গ্রাহক সংযোগ নিতে পারবে।”
এছাড়া খিলক্ষেতে আরইবির প্রধান কার্যালয়ে ৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার পাওয়ার প্লান্ট উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এই প্লান্ট উদ্বোধন করেন।
এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এ পাওয়ার প্লান্টটি নির্মাণ করা হয়েছে জানিয়ে আরইবি চেয়ারম্যান মঈনুদ্দিন বলেন, “১৯৯৩ সালে আরইবি সর্বপ্রথম দেশে নবায়নযোগ্য জ্বালানির কার্যক্রম শুরু করে। বৃহৎ আকারের এই প্লান্ট নির্মাণ আরইবির জন্য বড় অর্জন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৩০ ঘ.
bdnews24