ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠানের হিসাব পদ্ধতি ও নিরীক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একইসঙ্গে হিসাবায়নের ক্ষেত্রে ‘নগদ’ পদ্ধতির পরিবর্তে ‘অ্যাক্রুয়াল’ পদ্ধতি প্রবর্তনের প্রয়োজনীয়তাও স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশ পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং- গ্লোবাল রিসার্চ অ্যান্ড দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলে অর্থমন্ত্রী।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুহিত বলেন, “কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ও নীরিক্ষার গুণগত মান বাড়াতে হবে।”
“আমাদের এখানে সরকারি প্রতিষ্ঠানের হিসাব নগদ (ক্যাশ) পদ্ধতিতে করা হয়। এটাকে অ্যাক্রুয়াল পদ্ধতিতে আনতে হবে।”
অ্যাক্রুয়াল হিসাবে কোনো কোম্পানির দায়, ভবিষ্যৎ দেনা-পাওনা, সুনাম, ভবিষ্যৎ কর ও ঋণের সুদ পরিশোধের অর্থসহ বিভিন্ন হিসাব অন্তর্ভুক্ত থাকে।
দেশের নিরীক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করা দরকার বলেও মনে করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দেশে এ সংক্রান্ত তিনটি পার্টি রয়েছে। এগুলো হলো-আইসিএবি (দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, আইসিএমএবি (ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ) এবং সিএজি (কম্পট্রোলার অব অডিটর জেনারেল)। এদের একসঙ্গে কাজ করা দরকার।”
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে আইসিএবি এবং কনফেডারেশন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্টস (সিএপিএ)।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ফরহাদ হোসেন অনুষ্ঠানে বলেন, “সরকারি খাতের স্বচ্ছতা খুবই জটিল বিষয়। দেশ শাসন প্রক্রিয়ার একটি মূল বিষয় হলো সরকারি সম্পদ ব্যবহারের জবাদিহিতা। তাই সরকারের জবাবদিহতা নিশ্চিত করার অন্যতম উপাদান হলো সরকারি খাতের নিরীক্ষা।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯২৪ ঘ.
bdnews24