২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা

চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০তম বারের মতো এ বাণিজ্যমেলার আয়োজন করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কেউ ১০ টাকা দর্শনীর বিনিময়ে মেলায় প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আয়োজকরা মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। লিখিত বক্তব্যে মেলা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম বলেন, এবারের বাণিজ্যমেলা চার লাখ বর্গফুটের সুবিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। বড়-ছোট প্যাভিলিয়ন-স্টল মিলিয়ে সাড়ে তিনশ’র বেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। এবারের মেলায় পার্টনার দেশ হিসেবে থাকছে থাইল্যান্ড। নবমবারের মতো পার্টনার হিসেবে সাড়ে চার হাজার বর্গফুটের বিশাল এলাকা নিয়ে দেশটি তাদের পণ্য নিয়ে মেলায় আসছে। এছাড়া প্রথমবারের মতো ভারত চার হাজার বর্গফুট এবং পাকিস্তান তিন হাজার ৬০০ বর্গফুট জায়গা নিয়ে স্বতন্ত্রভাবে চট্টগ্রামের বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে। শুক্রবার দুপুর ৩টায় মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোন। মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ জানান, এবারের মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান ও আগত দর্শনার্থীদের আর্থিক নিরাপত্তার দিকটি বিবেচনা করে এনসিসি ব্যাংকের একটি অস্থায়ী শাখা মেলায় স্থাপন করা হবে। মেলায় টেলিফোন বুথ বসাবে সিটিসেল। এছাড়া মেলার নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক আশিক ভূঁইয়া বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৯ ঘ.