২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে তদারকি হবে রপ্তানি প্রক্রিয়া

রপ্তানি কার্যক্রম আরো সহজ ও গতিশীল করতে ‘এক্সপোর্ট অনলাইন মনিটরিং সিস্টেম’ চালু করছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি কার্যক্রম আরো সহজ ও গতিশীল করতে ‘এক্সপোর্ট অনলাইন মনিটরিং সিস্টেম’ চালু করছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গভর্নর আতিউর রহমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক্সপোর্ট অনলাইন মনিটরিং সিস্টেম চালুর ফলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে রপ্তানির পরিমাণ, রপ্তানি মূল্যের প্রত্যাবাসনের পরিমাণ এবং রপ্তানি মূল্যের আউটস্ট্যান্ডিং ওভার ডিউ সম্পর্কিত তথ্যাদি তাৎক্ষণিকভাবে জানা যাবে। “এর ফলে রপ্তানি মনিটরিং কার্যক্রম সহজ এবং গতিশীল হবে। ব্যাংকগুলোর কাজ অনেক সহজ হবে। হয়রানি কমবে। ব্যয়ও হ্রাস পাবে। যার ইতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়ে,” যোগ করেন তিনি। আসাদুজ্জামান বলেন, “কেন্দ্রীয় ব্যাংক পেপারলেস (কাগজ বিহীন) প্রতিষ্ঠানে পরিণত করার যে উদ্যোগ নিয়েছে এটা তারই একটি অংশ।” তিনি জানান, এ প্রদ্ধতি চালুর ফলে রপ্তানি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান দ্রুত হবে। অপরদিকে ব্যাংকগুলো তাদের বৈদেশিক শাখাগুলোকে (এডি শাখা) নিবিড়ভাবে মনিটর করতে পারবে। বিকেল ৩টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর এই মনিটরিং সিস্টেমের উদ্বোধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল