২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জ-৪ কূপের গ্যাস জাতীয় গ্রিডে

মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের চতুর্থ কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

মৌলভীবাজার/ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের চতুর্থ কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, বেলা ৩টা থেকে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফেঞ্চুগঞ্জের গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এর আগে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষামূলক উত্তোলন ও সরবরাহের মাধ্যমে সব প্রস্তুতি শেষ করেই জাতীয় গ্রিডে সরবরাহের কাজ শুরু করেছেন তারা। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ভাটেরায় এই গ্যাসক্ষেত্রের ইনচার্জ মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালে এ গ্যাসক্ষেত্রের প্রথম কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। বর্তমানে দেশে ২৪টি গ্যাসক্ষেত্রের মধ্যে ১৭টি উৎপাদনে রয়েছে। ফেঞ্চুগঞ্জে নতুন এই কূপ থেকে উৎপাদন শুরু হওয়ায় দেশে চালু কূপের সংখ্যা দাঁড়ালো ৮১টি। সরকারি তথ্য অনুযায়ী, দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট উৎপাদন হচ্ছে। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/জেকে/১৫৩৫ ঘ.