২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা প্রতিষ্ঠান দ্বিমাত্রিক জরিপ করছে ২ ব্লকে

বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে চীনের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা বিজিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে চীনের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা বিজিপি। প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে এ জরিপ শুরু করেছে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। আগামী এপ্রিলের মধ্যে এ জরিপ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জরিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত আটটি প্রতিষ্ঠানের ব্যাপারে পেট্রোবাংলা গত ২২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দিলে চূড়ান্ত দরপত্র ডাকে কনকো-ফিলিপস। এতে সর্বনিম্ন দরদাতা হয় বর্ডার গেটওয়ে প্রোটোকল (বিজিপি)। পেট্রোবাংলা গত ৭ ডিসেম্বর জানায়, চীনা এ প্রতিষ্ঠান জরিপের দায়িত্ব পেলে তাদের আপত্তি নেই। বিজিপি বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্ল¬কে তেল-গ্যাসের অবস্থান নির্ণয় এবং এর বিস্তৃতিসহ প্রাথমিক মজুদের ধারণা পেতে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) চালাচ্ছে। এই দুই ব্লকে তেল-গ্যাস উত্তোলনে গত ১৬ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি করে সরকার। ওই চুক্তি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ৯৭৩ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর কথা রয়েছে। পিএসসি চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্ল¬কে পাঁচ হাজার একশ ৫৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো-ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে এ দুটি ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার। নয় বছর মেয়াদি এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাংক গ্যারান্টি দিয়েছে কনকো-ফিলিপস। তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছিল। চুক্তি স্বাক্ষরের পর এর প্রতিবাদে অর্ধদিবস হরতালও পালন করেছে সংগঠনটি। তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে। দেশে প্রতিদিন ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ ২০০ কোটি ঘনফুট। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯১৬ ঘ.