২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবিসহ ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে নোটগুলো বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান। শনিবার তিনি জানিয়েছিলেন, সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটগুলো ছাড়া হবে। তবে রোববার সন্ধ্যায় আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার নয়, চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে নোটগুলো বাজারে ছাড়া হবে।” এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিস এবং সব ব্যাংকের শাখা থেকে নোটগুলো একযোগে ছাড়া হবে। “সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নোটগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে।” নতুন এ সব নোটে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার ছবি রয়েছে। এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০১৮ ঘ.