ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরো জোনের চলমান ঋণ সংকট বাংলাদেশের অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রোববার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, “আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের আরো গতিশীল ভূমিকা কামনা করছি। কারণ, ইউরো জোনের চলমান ঋণ সংকটের বিরূপ প্রভাব আমাদের অর্থনীতির জন্যে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।”
গ্রাহক সেবার মানোন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তৎপর থাকারও আহ্বান জানান তিনি।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্ড মার্কেট উন্নয়নের বিষয়ে গভর্নর বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিকল্প উৎস হতে আমানত বা বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহ করতে হয়। বন্ড ইস্যুর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল সংগ্রহের সুযোগ রয়েছে যা দেশের বন্ড মার্কেট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ প্রেক্ষাপটে বন্ড মার্কেট উন্নয়ন খুবই জরুরি বলে আমি মনে করি।”
পাশাপাশি বন্ড মার্কেট স¤প্রসারণে আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সহায়তা কামনা করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
ইউরো জোনভুক্ত বেশ কয়েকটি দেশ গত কয়েকবছরে ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ইতোমধ্যেই তারা ঋণ সংকট কাটাতে সরকারি ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইউপরোপীয় ইউনিয়নের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯৫৩ ঘ.
bdnews24