২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলম্ব ফি বাদ দেওয়ার সুপারিশ ৪ অপারেটরের

উৎসে কর হিসেবে ১৫ শতাংশ কেটে রাখা অর্থের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা বিলম্ব ফি বাদ দেওয়ার সুপারিশ করেছে চার অপারেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসে কর হিসেবে ১৫ শতাংশ কেটে রাখা অর্থের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা বিলম্ব ফি বাদ দেওয়ার সুপারিশ করেছে চার অপারেটর। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এরই মধ্যে জমা দেওয়া ওই কর আবার বিটিআরসিতে জমা দেওয়ার বিষয়টি বিবেচনার দাবিও জানিয়েছে তারা। টু-জি লাইসেন্স নবায়ন এবং বকেয়া ফি জমা দেওয়ার সময় বাড়ানোর সুপারিশও করেছে চার অপারেটর। রোববার দুপুরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেলের প্রতিনিধিরা বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই তিনটি সুপারিশ করেন। আলোচনা শেষে জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টু-জি লাইসেন্স নবায়নে প্রথম কিস্তি এবং ২০১০ সাল থেকে বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেক্ট্রাম চার্জ বাবদ অপারেটররা যে ১৫ শতাংশ অর্থ কেটে জমা দিয়েছে সেই টাকার ওপর থেকে বিলম্ব ফি বাদ দেওয়ার সুপারিশ করে তারা। চার অপারেটরের মোট বিলম্ব ফি ধরা হয়েছে ৫৭ কোটি ৮২ লাখ টাকা। ২০১১ সালের নভেম্বরে ১৫ শতাংশ উৎসে কর কেটে রেখে লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফির প্রথম কিস্তি জমা দেয় চার অপারেটর। এছাড়া ২০১০ সাল থেকে চার অপারেটর বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেক্ট্রার্ম চার্জও ১৫ শতাংশ কেটে জমা দেয়। এর ওপর বিলম্ব ফি বাদ দেওয়ার জন্য অপারেটররা সুপারিশ করেছে। জিয়া আহমেদ জানান, অপারেটররা বলেছে, ২০১০ সাল থেকে ১৫ শতাংশ কেটে রাখা অর্থ এনবিআরে জমা দেওয়া হয়েছে। তাই এ অর্থ আবার জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেছে তারা। এছাড়া অপারেটররা হাই কোর্টের এ সংক্রান্ত রায়ের সত্যায়িত অনুলিপি না পাওয়া পর্যন্ত সব ফি জমা দেওয়ার সময় বাড়ানোরও সুপারিশ করেছে বলে জিয়া আহমেদ জানান। গত ১৫ ফেব্রুয়ারি ১০ দিন সময় বেঁধে দিয়ে টু-জি লাইসেন্স নবায়ন ও বকেয়া এবং লেট ফিসহ ৮৫৭ কোটি ৪৮ লাখ টাকা চেয়ে চার অপারেটরকে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যান বলেন, ৩টি সুপারিশের বিষয়ে অপারেটরদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। লিখিত সুপারিশ পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধাত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬৩১ ঘ.