ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করতে সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২’ জাতীয় সংসদে পাস হয়েছে।
এ আইনে ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে। মানি লন্ডারিংয়ের অপরাধে এ আইনে সর্বনিু সাজা রাখা হয়েছে চার বছর।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বিলটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিল পাসের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।
সোমবার বিলটি উপস্থাপনের পর তিন দিনের মধ্যে যাচাই-বাছাই করতে বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এ বিল পাসের মধ্য দিয়ে অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থ যোগান প্রতিরোধে বিশ্বের সব ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটগুলোর সংগঠন এগমন্ট গ্র“পের সদস্য পদ পাওয়ার পূর্বশর্ত পালিত হবে বলে বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে জানান অর্থমন্ত্রী। এর ফলে বাংলাদেশ সহজে ওই গ্র“পের সদস্যপদ পাবে।
তিনি বলেন, এতে বিদেশে পাচার হওয়া অর্থ সংক্রান্ত তথ্যাদি আদান-প্রদান করার বিষয়টিও সহজ হবে।
চোরাচালানি ও শুল্ক সংক্রান্ত অপরাধ, কর সংক্রান্ত অপরাধ, মেধাস্বত্ত্ব লঙ্ঘন, সন্ত্রাসী ও সন্ত্রাসী কাজে অর্থ যোগান, ভেজাল বা স্বত্ত্ব লঙ্ঘন করে পণ্য উৎপাদন, পরিবেশগত অপরাধ, যৌন নিপীড়ন, পুঁজিবাজার কারসাজি, সংঘবদ্ধ অপরাধ এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এ আইনের আওতায় অপরাধ হিসাবে গণ্য হবে।
এর আগে অবৈধ অর্থ পাচারসহ মানি লন্ডারিং অপরাধ রোধকল্পে প্রণীত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর বিধানাবলী আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্র“তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কারণে অধ্যাদেশ আকারে জারি করা হয়।
সংসদ অধিবেশন না থাকায় গত ১৬ জানুয়ারি মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ, ২০১২ জারি হয়।
অধ্যাদেশ জারির পরবর্তী সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ আইন হিসেবে জারি না করলে তা অকার্যকর হয়ে যায়। এ জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ প্রণয়নের জন্য বিলটি প্রস্তুত করা হয়।
আইনের ১২ ধারার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, “ফৌজদারী কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করিবেন না।”
বিলের চার উপধারায় বলা হয়েছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানি লন্ডারিং হবে সেই প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা এবং ওই আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে।
আদালতের দণ্ডের পাশাপাশি প্রস্তাবিত আইনে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে।
এছাড়া মিথ্যা তথ্য প্রদানের সর্বনিু দণ্ড এক বছর থেকে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে বিলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১১৪ ঘ.
bdnews24