ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে শর্তসাপেক্ষে ‘প্রতীক্ষিত’ একশ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ।
এ ঋণের ক্ষেত্রে বাংলাদেশের আর্থিক চাপ সামাল দেওয়ার পাশাপাশি নতুন মূল্য সংযোজন কর আইন করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “এসবসহ ইতিমধ্যে সম্মত অন্যান্য বিষয়ে সময়মতো অগ্রগতির সাপেক্ষে বাংলাদেশ অদূর ভবিষ্যতে এ ঋণ বিষয়ে আইএমএফের সঙ্গে চুক্তিতে পৌঁছুতে পারে।”
গত ৭ ফেব্র“য়ারি থেকে ঢাকায় নয় দিনের এক সফর শেষে বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন সফরকারী দলের প্রধান ডেভিড কাওয়েন।
স¤প্রসারিত ঋণ সহায়তার (ইসিএফ) আওতায় একশ কোটি ডলারের এ ঋণ পেতে এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ। লেনদেন ভারসাম্যের চলমান সংকট মোকাবেলায় এ ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার।
চলতি অর্থবছরের প্রথমার্ধে লেনদেন ভারসাম্যের ঋণাত্মক অবস্থান দাঁড়িয়েছে ৯৭ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫৮ কোটি ৪০ লাখ ডলার।
একটি শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা কৌশল ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে সফরকারী দল একটি যথাযথ সঙ্কোচনমূলক বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
উচ্চ প্রবৃদ্ধির জন্য কর নীতি ও প্রশাসন, সরকারি অর্থায়ন ব্যবস্থাপনা, ব্যাংক ও আর্থিক খাত এবং বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে সংস্কার আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, “এক্ষেত্রে বহির্মুখী ও বাজেট ঘাটতি কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং বাংলাদেশকে একটি উচ্চ প্রবৃদ্ধির দেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে সহায়তামূলক কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে।”
বর্তমানে বাংলাদেশ সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যেসব চাপ মোকাবেলা করছে সেগুলো সামাল দিতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, “প্রথমত, কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে বহির্মুখী চাপ ও প্রয়োজনীয় আর্থিক নীতি জোরালো করতে উচ্চ বিনিময় হার ও সুদের হারের নমনীয়তা অনুমোদন করা যায়।”
আইএমএফ’র এ প্রতিনিধি দল বাংলাদেশ সফরের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ সচিব মোহাম্মদ তারেক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন অংশীদার ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৩০ ঘ.
bdnews24