ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নির্মাণ ব্যয় তিন গুণ বাড়ানোর পরিকল্পনা চলছে দাবি করে বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, আরো দুর্নীতির সুযোগ দিতে এটা করা হচ্ছে।
‘চুরির কারণেই’ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করেছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, “এখন এই সেতুর নির্মাণ ব্যয় তিনগুণ বাড়িয়ে দলীয় লোকদের জন্য আরো দুর্নীতির সুযোগ সৃষ্টি করার কাজ করতে যাচ্ছে সরকার। যেভাবে সরকার দেশে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে দলীয় লোকদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে।’’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে ‘অমর একুশে ও সমসাময়িক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলে আনোয়ার।
বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগের তদন্ত না করে এখন বিকল্প উপায়ে এ সেতু নির্মাণের জন্য সরকারের তৎপরতার সমালোচনা করে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, “এটা ঠিক হবে না।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন
২৯০ কোটি ডলারের ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলারের ঋণ চুক্তি করলেও অর্থছাড় করেনি।
এক পর্যায়ে প্রধানমন্ত্রী প্রয়োজেন সরকারি-বেসরকারি অংশিদারিত্বে এ সেতু নির্মাণের কথা বলেণ। বিশ্ব ব্যাংক দুর্নীতি প্রমাণ করতে না পারলে অর্থ নেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
এরই মধ্যে চলতি মাসের শুরুর দিকে মালয়শিয়া জানায় তার তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হবে। বিষয়টি স্বীকার করে যোগাযোগ মন্ত্রণালয় জানায়, আগামী ২১ ফেব্র“য়ারি এ সেতু নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে মালয়শিয়ার সঙ্গে।
তবে যোগযোগমন্ত্রী বুধবার বলেন, সেতু কার অর্থে হবে সে সিদ্ধান্ত হবে আগামী এক মাসের মধ্যে।
এর আগের দিন অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সব মামলা পুনঃতদন্ত হবে
বিএনপি আগামীতে সরকার গঠন করলে মহাজোট সরকারের আমলে প্রত্যাহার করা সব রাজনৈতিক মামলা পুনরায় চালু করা হবে বলে ঘোষণা দেন এমকে আনোয়ার।
তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় সাত হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি দুর্নীতির মামলাও রয়েছে।”
সরকারের পররাষ্ট্রনীতিকে ‘নতজানু’ অভিহিত করে এর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার।
সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতির হত্যাকারী এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই বিএনপি নেতা।
গত শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
তারা খুন হওয়ার পরের সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিলেও এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২০৫৫ ঘ.
bdnews24