ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃতী ব্যাংকার-২০১০ পুরস্কার পেলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাজাহান ভূইয়া।
বুধবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে তার হতে এ পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্ট (বিআইবিএম) যৌথভাবে এ পুরস্কার দেয়।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে ব্যাংকিং খাতে অভিজ্ঞদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড এম শাহাজাহান ভূইয়াকে মনোনীত করে।
সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বলা হয়, শাহাজাহান ভূইয়া চার দশকের বেশি সময় ধরে দক্ষতা, নিষ্ঠা ও অভিজ্ঞতার আলোকে ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আতিউর রহমান বলেন, “একটি সমস্যা-সংকুল ব্যাংককে অন্যতম সফল ব্যাংকে রূপান্তরে তার অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হলো।”
প্রথমবারের মতো দেওয়া পুরষ্কারের মধ্যে আছে একটি মেডেল, সনদপত্র ও এক লাখ টাকা।
এম শাহাজাহান ভূইয়া ২০০৮ সালের জুলাইয়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৪৯ ঘ.
bdnews24