ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বিদেশি সাহায্য ছাড় স্বাভাবিকের চেয়ে কম হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, এতে বিদেশি মুদ্রা সরবরাহের ওপর চাপ পড়েছে।
বিদেশি মুদ্রার ঘাটতি থাকায় টাকার অবমূল্যায়ন ঘটছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মুহিত বলেন, “বর্তমান অর্থবছরের প্রথম পাঁচ মাসে নিট বিদেশি সাহায্যের পরিমাণ মাত্র ছয় কোটি ৮৯ লাখ ডলার। যেখানে গত অর্থবছরে একই সময়ে এ পরিমাণ ছিল ৩২ কোটি ২৭ লাখ ডলার।”
বিদেশি সাহায্য ছাড়ের পরিমাণ কম হওয়ায় তা বিদেশি মুদ্রা সরবরাহে চাপ ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সাংসদ মহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে খোলা ঋণপত্রের পরিমাণ দুই হাজার ৬০ কোটি ডলার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ এক হাজার একশ ৭৭ কোটি ডলার।
“এই সময়ের মধ্যে রেমিট্যান্স এসেছে সাতশ ২৮ কোটি ডলার।”
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয় বলে জানান তিনি।
ভ্যাট আইন
আগামী ১ জুলাই থেকে সংশোধিত ভ্যাট আইন কার্যকর হতে পারে বলে জানান অর্থমন্ত্রী।
টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন প্রসঙ্গে সরকারি দলের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
মূল্য সংযোজন কর (মূসক) আইন-১৯৯১ সংস্কারের কাজ চলছে জানিয়ে মুহিত বলেন, নতুন মূসক আইন কার্যকর হলে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।
ব্যাংক ঋণ
অধিবেশনে অনুপস্থিত বিএনপির সাংসদ জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সরকার ছাড়াও বিগত সরকারগুলোর ব্যাংক থেকে ঋণ নেওয়ার তথ্যও তুলে ধরেন।
মন্ত্রী জানান, গত তিন বছরে কেন্দ্রীয় ও তফসিলী ব্যাংক থেকে সরকারের নিট ঋণ ৪৩ হাজার ১৯৫ কোটি টাকা।
“ঋণের মধ্যে গ্রস ঋণের পরিমাণ ছিল প্রায় এক লাখ ৭৯ হাজার ৩০৩ কোটি টাকা এবং ঋণ পরিশোধের পরিমাণ এক লাখ ৩৬ হাজার ১০৮ কোটি টাকা।”
বিএনপির আরেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংক থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ১৫ হাজার ৫৩৮ কোটি টাকা।”
“এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া নিট ঋণ প্রায় পাঁচ হাজার ৫৩৮ কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ নিট প্রায় ১০ হাজার কোটি টাকা।”
“ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণের ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ ব্যাহত হচ্ছে না” মন্তব্য করে করে মুহিত বলেন, “বরং বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারার সঙ্গে সমন্বয় রেখে বেসরকারি খাতে ব্যাংক থেকে ঋণ প্রবাহ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, ২০০৯-১০ অর্থবছর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ৭৬ শতাংশ, যা ২০১০-১১ অর্থবছর শেষে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৯ শতাংশে।
চলতির্ র্অথবছরের প্রথম তিন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ২৩ দশমিক ৯ শতাংশ ধার্য করা হলেও অর্থনীতির গতিশীলতা বজায় রেখে এ খাতের প্রকৃত প্রবৃদ্ধি ছিল ২২ শতাংশ।
তারল্য সংকট
জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে দেশে লিকুইড মানির কোনো ঘাটতি নেই।”
“তবে সুব্যবস্থাপনার অভাবে কোনো কোনো ব্যাংক আবশ্যকীয় নগদ জমা সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে রয়েছে, যা চলমান সংযততর মুদ্রানীতির সঙ্গে সংগতিপূর্ণ।”
অর্থমন্ত্রী বলেন, “লিকুইডিটি চাপকে প্রশমনের জন্য চাহিদার যথার্থতা বিবেচনা করে ব্যাংকগুলোকে রেপো, স্পেশাল রেপো ও লিকুইডিটি সাপোর্ট আকারে লিকুইডিটি সরবরাহ করা হচ্ছে।”
“ফলশ্র“তিতে কলমানি সুদ হার ডাবল ডিজিটে থাকলেও এখনো গড়ে তা ২০ শতাংশের নিচে রয়েছে এবং সামনের দিনগুলোতে আরো যৌক্তিক হারে নেমে আসবে বলে আশা করা যায়।”
অপু উকিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামীতে দেশকে সাত থেকে আট শতাংশ বা এর বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতকরা ৩০-৩৫ ভাগ অভ্যন্তরীণ বিনিয়োগের প্রয়োজন হবে।
বর্তমান প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজস্ব হতে এ পরিমাণ বিনিয়োগ করা সম্ভব নয়- এ কথা উল্লেখ করে মুহিত বলেন, “সেক্ষেত্রে বৈদেশিক সাহায্য এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম।”
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের স্থিতি ২২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা জিডিপি’র মাত্র ২২ দশমিক ৩ শতাংশ।
“বাংলাদেশের ঋণ পরিস্থিতির পরিমাপক সূচকের সব সূচক ঋণ নির্ভরশীল পরিস্থিতির তূলনায় অনেক নিচে। সে কারণে বাংলাদেশকে কম ঋণী দেশ বলা হয়।”
“সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল দেশ হিসেবে গণ্য করা হয় না,” যোগ করেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএইচসি/এসইউএম/পিডি/২০৩৬ ঘ.
bdnews24