চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের ‘সাঙ্গু-১১’ কূপে গ্যাস পেয়েছে সান্টোস এবং এপ্রিল থেকেই গ্যাস সরবরাহ শুরুর আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
বুধবার বন্দর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গ্যাস পাওয়ার জানান অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট জন চেম্বার্স।
তিনি বলেন, বঙ্গোপসাগরের ৪ হাজার ২০০ মিটার গভীর পর্যন্ত খননের পরে ‘সাঙ্গু-১১’ কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আশা করছি, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রাম শহরে প্রতিদিন ২০ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভবপর হবে।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ২৫০০ এমএমসিএফের বিপরীতে সরবরাহ হচ্ছে ২০৫০ এমএমসিএফের মতো। সে হিসেবে ঘাটতি থাকছে প্রায় ৫০০ এমএমসিএফ। চট্টগ্রামে দৈনিক ৪০০ এমএমসিএফ চাহিদার বিপরীতে সরবরাহ ২১৫ এমএমসিএফ।
সাঙ্গু-১১ নম্বর কূপে মজুদ মোট গ্যাসের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি সান্টোস।
সান্টোস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ বি এ সিরাজ-উদ-দৌলা বলেন, “আমাদের ধারণা, প্রতিদিন আমরা এখান থেকে ২০ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিতে পারব। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে গ্যাসের মোট মজুদ সম্পর্কেও জানা যাবে।”
তিনি বলেন, কূপটির দেড় কিলোমিটার দূরে সাঙ্গুর পুরনো প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্যাস সরবরাহ করা হবে বলে দ্রুতই তা চট্টগ্রামে দেওয়া যাবে।”
এর আগে ‘সাউথ সাঙ্গু-৪’ ও ‘নর্থ-ইস্ট সাঙ্গু- ১’ নামের আরো দুটি কূপ খনন করে সান্টোস। তবে সেগুলোতে কোনো গ্যাস পাওয়া যায়নি বলে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গত বছরের ২৪ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের ‘সাউথ সাঙ্গু -৪’ কূপটি সিঙ্গাপুর থেকে আনা ‘অফশোর রিসলিউট’ দিয়ে খনন শুরু করে সান্টোস।
খনন করা তিনটি কূপই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। তিনটি কূপ খননে প্রায় ১২শ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে সান্টোস জানায়।
সংবাদ সম্মেলনে সান্টোস সভাপতি জন চেম্বার্স সাগরবক্ষে গ্যাস অনুসন্ধানে কূপ খননের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।
বঙ্গোপসাগরে আরো গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা মনে করি সাগরবক্ষে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে আরো বেশি বেশি কূপ খনন দরকার।”
সাগরবক্ষে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে সরকারকে আরো বেশি বিদেশি কোম্পানিকে যুক্ত করা উচিত বলে মন্তব্য করেন সান্টোস প্রেসিডেন্ট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশে সাগরবক্ষে ১৫টি কূপ খনন হয়েছে। এর মধ্যে সান্টোস তিনটি খনন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24