ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল ওষুধের মামলায় অভিযোগ গঠনের ১১ মাস পর রীড ফার্মার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার ওষুধ আদালতের (ড্রাগ আদালত) বিচারক মো. আবদুল মজিদ এ মামলার বাদি ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামের আংশিক জবানবন্দি (সাক্ষ্য) নিয়ে আগামী ২১ মার্চ অবশিষ্ট জবানবন্দি গ্রহণের তারিখ ঠিক করেন।
মামলাটির বাদির বিরুদ্ধে আসামিদের পক্ষ নিয়ে বিচার বিলম্বিত করার অভিযোগ উঠেছিল এর আগে। ইতিমধ্যে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পাঁচটি ধার্য তারিখে বাদি হাজির হননি। ফলে তার বিরুদ্ধে এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ওই অভিযোগ এনেছিলেন।
এ আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে আদালতে সাক্ষ্য দিতে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সাক্ষ্য গ্রহণের সময় রীড ফার্মার স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমান আদালতে হাজির ছিলেন।
অন্য আসামি একই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক পলাতক রয়েছেন।
গত বছরের ৯ মার্চ ওষুধ আদালতের একই বিচারক তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। অনুনোমোদিত, ভেজাল ও মানবহির্ভূত ওষুধ প্রস্তুতের অপরাধে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়েছিল।
২০০৯ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। এরপর ১০ অগাস্ট ঢাকার ওষুধ (ড্রাগ) আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ড্রাগ সুপার শফিকুল ইসলাম ।
মামলা নিয়েই সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রিড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়।
২০১০ সালের ১৮ এপ্রিল মামলার অনির্ধারিত তারিখে এ মামলায় প্রধান আসামি মিজানুর রহমানের জামিন দেন ওষুধ আদালতের এ বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২২২ ঘ.
bdnews24