২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোট নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি নয়: কেন্দ্রীয় ব্যাংক

জাল নোট নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল নোট নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সূধী সমাজের গোলটেবিল আলোচনায় জাল টাকার বিস্তার স¤পর্কে গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা বক্তব্য ও তৎপরবর্তী ব্যাখ্যার প্রেক্ষাপটে জনমনে বিভ্রান্তি ও শঙ্কা নিরসনে বাংলাদেশ ব্যাংক প্রকৃত অবস্থার বিশদতর বর্ণনা দেওয়ার প্রয়োজন বোধ করছে।” বাজারে জাল নোটের সংখ্যা ও মূল্যমান নিয়ে গোলটেবিল আলোচনার প্রতিবেদনে নিছক কল্পনা নির্ভর তথ্য উপাত্তের উল্লেখ করা হয়েছে (পাঁচ হাজার কোটি টাকা বা পরবর্তী ব্যাখ্যা মোতাবেক এক হাজার কোটি টাকা)- এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে প্রতিদিন শতশত কোটি টাকার নোট অত্যাধুনিক প্রযুক্তির সর্টিং মেশিনে পরীক্ষা ও বাছাই হয়ে থাকে।” “এই প্রক্রিয়ায় সময় সময় সনাক্ত হওয়া জাল নোটের সংখ্যা যৎসামান্য, এবং নোট জমা নেওয়ার বিধিবদ্ধ ব্যবস্থায় কোন সূত্রের অবহেলা বা অমনোযোগিতায় জাল নোট গৃহীত হয়েছে তা সহজেই ধরা পড়ে।” “দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিবর্তিত এই পদ্ধতিগত ব্যবস্থায় অস্পষ্টতা বা অনুমান নির্ভরতা নেই।” গত ৭ ফেব্র“য়ারি জালনোট সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য দাবি করেন, প্রতিদিন পাঁচ হাজার কোটি টাকার জাল টাকা বাজারে ছাড়া হচ্ছে এবং প্রতি তিন-চারটি নোটের একটি জাল। পরে কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবুল বারকাত ও আব্দুল জলিলের বক্তব্য নাকচ করে বলে, ”এ ধরনের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিহীন এবং জনগণের মধ্যে আতঙ্কসঞ্চারী এ জাতীয় বক্তব্য অনভিপ্রেত।” বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তির পর আবুল বারকাত এক বিজ্ঞপ্তিতে বলেন, মিডিয়ায় তার বক্তব্য যেভাবে প্রচার করা হয়েছে তিনি ‘আসলে’ সেভাবে বলেননি। জাল নোট উৎপাদনকারী চক্রগুলো তাদের বিশ্বস্ত বাহকদের মাধ্যমে জাল নোটের বিস্তার ঘটায়। জনসাধারণ ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে মাঝে মাঝে ধরা পড়া জাল নোটগুলো আদালতের নির্দেশে জব্দ হয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলতি বছরের জানুয়ারি মাসে এরকম ২৬টি ঘটনায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যমানের ৭৪৮টি জাল নোট ধরা পড়ে প্রচলনে যাওয়া থেকে প্রতিহত হয়েছে।” প্রতারিত হয়ে জাল নোট হাতে পাওয়া নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে- গোলটেবিল বৈঠকের আলোচনায় তোলা এ অভিযোগ যথাযথ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, “জাল নোট উৎপাদনকারী বা তাদের সহযোগী বাহকদেরই আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা হয়। এ রকম মামলার সংখ্যা এখন ৫০২১টি।” “গত এক বছরে এরকম ৭৭টি মামলার নিষ্পত্তি হয়। গ্রেপ্তারকৃতদের সবাইকে নিরীহ অভিহিত করে মুক্তি দাবি করা হলে জাল নোট বিস্তার বরং উৎসাহিত হবে।” “নোট জালকারী চক্রগুলোর অপতৎপরতা প্রতিরোধ ও প্রতিকার করে জনসাধারণের স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে” উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অবস্থায় সংবেদনশীল এই বিষয়টিতে অনুমান নির্ভর আতঙ্ক সৃষ্টি করা বক্তব্য দেওয়া থেকে সব দায়িত¦শীল মহল বিরত থাকবেন বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।” জাল নোট প্রতিরোধ কমিটির বৈঠক এদিকে জাল নোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির পর্যালোচনা সভা বুধবার বাংলাদেশ ব্যাংকে বিকাল ৩টায় হবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে। এ প্রসঙ্গে আসাদুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশের কোথাও যেন জাল নোটের বিস্তার হতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ বৈঠক ডাকা হয়েছে।” বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও র‌্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, তথ্য অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, ডিবি ও সব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান আসাদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২০৯ ঘ.