ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের নির্মাণ কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে ঠিকাদারদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী সদস্য শেখ মো. রফিকুল ইসলাম বলেন, “স¤প্রতি নির্মাণ সামগ্রী বিশেষ করে লৌহ জাতীয় দ্রব্য, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, ডিজেল, এ্যালুমিনিয়াম, বিল্ডিং ফিনিশিং আইটেম, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল সামগ্রীর দাম অস্বাভাবিক, লাগামহীন এবং অসামঞ্জস্য গতিতে বেড়েছে।”
সংগঠনের নেতারা বলেন, গত তিন মাসে নির্মাণ সামগ্রী ভেদে ৪০ শতাংশেরও বেশি দাম বেড়েছে।
ফলে দেশের সব নির্মাণ প্রতিষ্ঠান চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে তিনি দাবি করেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দক্ষ, অদক্ষ শ্রমিক ভেদে মজুরিও ২৫ শতাংশ বেড়েছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, পাশাপাশি ব্যাংক ঋণের হার ১৪ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে।
নির্মাণ কাজের জন্য প্রত্যক্ষভাবে জড়িত ডিজেল ও বিদ্যুতের মূল্য বাড়ায় নির্মাণ কাজের চুক্তি মূল্যে অর্থাৎ সু-নির্দিষ্ট বাজেটের আওতায় শেষ করা অসম্ভব হয়ে পড়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এসব সমস্যা সমাধানের জন্য সরকারকে কার্যকর পদক্ষপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৯৪১ ঘ.
bdnews24