শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ের পর টু-জি লাইসেন্স নবায়নে প্রায় চারশ কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি এবং ২০১০ সাল থেকে গ্রামীণফোনের কাছে পাওনার হিসাব চূড়ান্ত করা হয়েছে, আগামীকাল (বুধবার) গ্রামীণফোনের কাছে পাওনা চেয়ে চিঠি পাঠানো হবে।”
লেট ফিসহ ৩৯৬ কোটি ৫ লাখ টাকা পাওনা চেয়ে এ চিঠি দেওয়া হবে বলে জানান সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি বলেন, “লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি বাবদ প্রথম কিস্তির জন্য লেট ফিসহ ২৪৯ কোটি ২৯ লাখ টাকা এবং ২০১০ সাল থেকে গ্রামীণের বকেয়া লেট ফিসহ ১৪৬ কোটি ৭৬ লাখ টাকা দিতে হবে।”
তিনি জানান, লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি বাবদ প্রথম কিস্তির জন্য লেট ফি ৯ কোটি ৫৬ লাখ টাকা এবং ২০১০ সাল থেকে গ্রামীণফোনের বকেয়ার লেট ফি ১৫ কোটি ১৬ লাখ টাকা।
কমিশন চেয়ারম্যান বলেন, শুধু গ্রামীণফোন নয়, অন্য তিন অপারেটর বাংলালিংক, রবি ও সিটিসেলের পাওনার বিষয়ে হিসাব চলছে। পাওনা চেয়ে বাকি তিন অপারেটরকেও চিঠি দেওয়া হবে।
অপারেটরদের অন্যান্য বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়ন করা হবে না বলে উল্লেখ করেন বিটিআরসি চেয়ারম্যান।
অবশ্য সোমবার তিনি বলেছিলেন, ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা জমা দিলেই গ্রামীণফোনের লাইসেন্স নবায়ন করা হবে।
গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। কিন্তু বিটিআরসি ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করেছে- এমন অভিযোগে হাই কোর্টে যায় গ্রামীণফোন। সোমবার হাই কোর্টের এক রায়ে এ দাবিকে বৈধতা দেওয়া হয়।
তবে উৎসে কর না কেটে ফি জমা দিতে বিটিআরসির যে দাবি সোমবারের রায়ে তার বৈধতা দেয় আদালত।
বকেয়া টাকার ব্যাখা দিয়ে বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “২০১১ সালের নভেম্বরে ১৫ শতাংশ উৎসে কর কেটে রেখে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি’র প্রথম কিস্তি জমা দেয় গ্রামীণফোন। ওই সময় থেকে লেট ফি ধরায় টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯ কোটি ২৯ লাখ টাকা।”
২০১০ সাল থেকে গ্রামীণফোন বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেক্ট্রাম চার্জও ১৫ শতাংশ উৎসে কর কেটে জমা দিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, “২০১০ সাল থেকে গ্রামীণফোনের বকেয়া লেট ফিসহ ১৪৬ কোটি ৭৬ লাখ টাকা দিতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৮ ঘ.
bdnews24