ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেক্ট্রাম ফি বাবদ অতিরিক্ত টাকা দাবি নিয়ে আইনি লড়াইয়ে হারের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি বলেছে, এখন ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা জমা দিলেই গ্রামীণফোনের লাইসেন্স নবায়ন করে দেওয়া হবে।
গ্রামীণফোনের করা এক আবেদনের রায়ে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ সোমবার জানায়, ৭ দশমিক ৪ মেগাহার্টজের স্পেক্ট্রাম ফি বাবদ অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা চেয়ে বিটিআরসির করা দাবিটি অবৈধ। তবে উৎসে কর না কেটেই ১৪ দশমিক ৬ মেগাহার্টজের স্পেকট্রাম ফি ও লাইসেন্স নবায়নের অর্থ জমা দেওয়ার যে দাবি বিটিআরসি জানিয়েছে, তাকে ‘বৈধ’ বলেছে হাইকোর্ট।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গ্রামীণফোন ভ্যাট থেকে আইন অনুযায়ী রেয়াত পাবে।
আদালতের আদেশের পর বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “রায়ের কপি হাতে পাওয়ার পর গ্রামীণফোন এখন আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা জমা দিলেই তাদের লাইসেন্স নবায়ন করা হবে।”
বিটিআরসি গত ১১ সেপ্টেম্বর টু জি মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে। সে অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা ছিল।
কিন্তু বিটিআরসি গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেক্ট্রামের জন্য ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দাবি করলে আদালতে যায় দেশের সর্ববৃহৎ এ মোবাইল ফোন অপারেটর। তাদের অভিযোগ, বিটিআরসি এই টাকা অতিরিক্ত দাবি করেছে।
ওই আবেদনে গত ২৬ অক্টোবর বিটিআরসির চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট।
এদিকে গ্রামীণফোনের পর বাংলালিংকও স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়টি নিয়ে আদালতে যায়। এতে করে ১০ নভেম্বর অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার বিষয়টি ঝুলে যায়। ওইদিন বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছিল, আদালতের আদেশের পরই অপারেটরদের লাইসেন্স হস্তান্তর করবে তারা।
আদালতের রায়ের পর গ্রামীণফোনের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৬ সালে লাইসেন্সের সঙ্গে গ্রামীণ ফোনকে ১৫ বছরের জন্য ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর লাইসেন্স ও স্পেক্ট্রাম নবায়নে বিটিআরসি টাকা দাবি করে।
“২০০৮ সালের স্পেকট্রামের বিপরীতে দাবি করা অতিরিক্ত টাকাসহ মোট এই টাকার পরিমাণ ৩ হাজার ৬ শত ২৪ কোটি ৩ লাখ টাকা। বিটিআরসি ভ্যাট কর্তন ব্যতীত এই অর্থ ফি হিসাবে দাবি করে।”
“গ্রামীণফোন ওই টাকা থেকে ভ্যাট কেটে রেখে বাকি টাকা পরিশোধ করতে চেয়েছিলো। আদালতের এই রায়ের ফলে গ্রামীণ ফোনকে এই সমুদয় টাকা পরিশোধ করতে হচ্ছে। সেইসঙ্গে এনবিআরকে শতকরা ১৫ ভাগ ভ্যাট পরিশোধ করতে হবে”, যোগ করেন তিনি।
এছাড়া ২০০৮ সালে গ্রামীণফোন ৮০ কোটি টাকা দিয়ে ১৮ বছরের জন্য ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ পায়। কিন্তু গত ১৭ অক্টোবরের চিঠিতে বিটিআরসি ওই স্পেকট্রাম বাবদ অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ দাবি করে। আদালতের রায়ের পর এই টাকা আর গ্রামীণ ফোনকে দিতে হবে না বলে মেহেদী হাসান জানান।
বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই-রাকিব রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের এই আদেশের ফলে ভ্যাট কর্তন ব্যতীত সমুদয় পাওনা গ্রামীণফোনকে পরিশোধ করতে হবে। তবে ২০০৮ সালে বরাদ্দ নেওয়া স্পেকট্রাম ফি বাবদ দাবি করা ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দিতে হবে না।”
টু জি লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতোমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি জমা দিয়েছে।
আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে আরো ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আজমালুল হোসেন কিউসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসএইচএ/জেকে/১৭২৯ ঘ.
bdnews24