২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতার ঘাটতি বস্ত্র শিল্পের যন্ত্রপাতির মেলায়

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি নিয়ে আয়োজিত মেলায় দর্শনার্থীরা এলেও সম্ভাব্য ক্রেতার দেখা তেমন একটা মিলছে না বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি নিয়ে আয়োজিত মেলায় দর্শনার্থীরা এলেও সম্ভাব্য ক্রেতার দেখা তেমন একটা মিলছে না বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তাইওয়ানের ডাহ হের ইন্ড্রাস্ট্রিয়াল কোম্পানি মেলায় নিটিং যন্ত্রপাতি প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির পরিচালক সালিন চ্যান বললেন, “অনেক ছাত্রছাত্রী মেলায় আসছে। নানা বিষয় জানতে চাইছে। তবে যেসব গ্রাহকের জন্যে আমাদের এই মেলায় অংশ নেয়া, তারা তেমন আসছে না।” এর আগেও এই মেলায় অংশ নিয়েছিলেন সালিন। সেই তুলনায় এ বছর গ্রাহকদের ভিড় অনেক কম বলে তার অভিমত। ইতালি থেকে মেলায় এসেছেন নিকোলা বুরিনি ও ফ্রাঙ্কসেচকা ক্যাস্তেলি। মেলা থেকে খুব একটা ফরমায়েশ পাওয়ার আশা করছেন না তারা। বললেন, “এখানে মুলত যোগাযোগ সৃষ্টি করাটাই আসল। নিজেদের সেবা সম্ভাব্য গ্রাহকদের কাছে তুলে ধরলে পরবর্তীতে বড় অর্ডার পাওয়া যাবে।” সিঙ্গাপুরভিত্তিক অপটিবেল্ট পাওয়ার ট্রান্সমিশন এর ব্যবস্থাপনা পরিচালক টোরসফেন সেফ্রিড একই ধরণের মন্তব্য করে বলেন, “মেলা থেকে আমরা তেমন একটা অর্ডার পাওয়ার আশা করছি না। সম্ভাব্য গ্রাহকদের সাথে যে যোগাযোগটি মেলায় তৈরি হচ্ছে, তাতে পরবর্তীতে বেশ কিছু অর্ডার পাব বলে আশা করছি।” চীন থেকে যন্ত্রপাতি আমদানি করে বিক্রি করেন টেক্স ওয়ার্ল্ড এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাস। অন্য বছরগুলোর তুলনায় এবার সম্ভাব্য গ্রাহকদের আসা ও ফরমায়েশের পরিমাণ অনেক কম বলে তিনি জানান। এ অবস্থার জন্যে ব্যাংকিং ব্যবস্থার উচ্চ সুদের হারকে দায়ী করে স্বপন কুমার বলেন, “এত টাকা সুদ দিয়ে লোন নেয়াও তো কঠিন। তাহলে তারা মেশিন কিনবে কি করে? তাই অনেকে আলাপ করলেও অর্ডার দিতে পারছে না।” মেলায় দল বেধে এসেছেন কাওরান বাজারের ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্ররা। এদের একজন, তানভীর শরীফ বলেন, “সত্যি কথা বলতে কি, আমাদের ইন্সটিটিউটে ল্যাব নেই। তাই আমরা দলবেধে মেলায় এসেছি, হাতে কলমে যন্ত্রপাতিগুলো চেনা ও দেখার জন্যে।” সর্বাধুনিক যন্ত্রপাতি সম্পর্কে ধারণা পেতে মেলায় এসেছেন সাভারের সানসাইন গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন। তবে ব্যাংকের উচ্চ সুদের হারের কারণে এখনই কোনো এলসি খোলার বিষয়টি ভাবছেন না বলে তিনি জানান। তিনি বলেন, “এখন মেশিনারিগুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখলাম। দুই একটি প্রতিষ্ঠানের সাথে কথাও বলেছি। পরবর্তীতে হয়তো দরকার অনুযায়ী অর্ডার দিতে পারি।” বস্ত্র শিল্পের যন্ত্রপাতি নিয়ে আয়োজিত এ মেলা শেষ হবে রোববার। শেষ দিনে মেলা চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), হংকংভিত্তিক ইয়োর্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস ও তাইওয়ানভিত্তিক চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এই মেলাটির আয়োজন করেছে। ৩১টি দেশের প্রতিনিধিরা বস্ত্র ও গার্মেন্টস খাতের নানারকম যন্ত্রপাতি নিয়ে মেলায় অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/২০৩৭ ঘ.