২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সালে বিদ্যুৎ সংকট কাটবে: মুহিত

২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “আগামী বছরের মধ্যে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকবে, তাই আর বিদ্যুৎ সংকট থাকবে না।” দেশে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কিছু বেশি উৎপাদন হচ্ছে। মুহিত বলেন, “জ্বালানি খাতের প্রবৃদ্ধি না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে না। এজন্য এ খাতের উন্নয়ন না ঘটলে দেশের উন্নয়নও সম্ভব না।” বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসে ভারসাম্য আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, “শুধু একটি বা দুটি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন নয়, বিভিন্ন উৎস থেকে উৎপাদন বাড়াতে উদ্যোগ নিতে হবে।” বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে কয়লাভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করা হয়েছে।” এছাড়া নবায়নযোগ্য জ্বালানি পাশাপাশি বিদেশ থেকে (ভারত, ভুটান, নেপাল) বিদ্যুৎ আমদানির জন্য কাজ চলছে বলে জানান তিনি। ২০১৬ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার এ নিয়ে মোট ৫০টি বিদ্যুুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১১টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৯টি সরকারি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, “উন্নয়ন পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুৎ খাত। এজন্য এ খাতের সঙ্গে জড়িত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তৃতীয়বারের মতো কর্মশালার আয়োজন করা হয়েছে।” তিনি জানান, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজটি যাতে দক্ষতার সঙ্গে শেষ করা লক্ষ্যকে সামনে রেখে এই কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ‘সেক্টর লিডার্স’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কর্মশালায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ ও জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৩৩ ঘ.