২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতকে চুক্তি বাস্তবায়নে আন্তরিক হতে হবে’

বিশ্লেষকদের মতে, সম্পর্কোন্নয়নে ভারতকে যেমন চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা দেখাতে হবে, বাংলাদেশকেও তেমনি বিষয়গুলো তুলে ধরতে হবে যাথাযথভাবে। শেখ শাহরিয়ার জামানের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে বাংলাদেশের সঙ্গে সই করা চুক্তিগুলো বাস্তবায়নে ভারতকে আরো আন্তরিকতা দেখাতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং বাংলাদেশ বাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ মনে করেন, চুক্তিগুলো বাস্তবায়ন না হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি আস্থার সংকট তৈরি দিতে পারে। তারা বলছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক করতে অশুল্ক বাধাগুলো দূর করতে হবে। আর ট্রানজিট হতে হবে এমনভাবে, যাতে বাংলাদেশও লাভবান হয়। ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের ঘোঘষণাকে স্বাগত জানিয়ে তারা বলেন, তিস্তার পানিবণ্টন এবং সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতকে আরো উদ্যোগী হতে হবে। চলতি মাসের দ্বিতীয়ার্ধেই বাংলাদেশে আসার কথা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। বাণিজ্য মির্জ্জা আজিজ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ব্যাপক। আর ভারত এতে এতো বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে যে, বাংলাদেশ এই পার্থক্য ঘোঁচাতে নিকট ভবিষ্যতে খুব বেশি সাফল্য পাবে বলে মনে হয় না। “আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। কিন্তু তা একেবারেই সীমিত মাত্রায়।” ২০১০-১১ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৫১ কোটি ২০ লাখ ডলার, যেখানে বাংলাদেশ ভারত থেকে ৪৫৮ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। স¤প্রতি মদ ও তামাক জাতীয় পণ্য ছাড়া সব বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে নয়া দিল্লি। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে উৎপাদন বাড়াতে হবে বলে মনে করেন মির্জ্জা আজিজ। “ভারতে রপ্তানি বাড়াতে হলে আমাদের উৎপাদন সক্ষমতাও বাড়ানো প্রয়োজন,” বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ মনে করেন, ভারত শুল্কমুক্ত সুবিধা দিলেও তা কাজে লাগিয়ে বাংলাদেশের অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। “এক্ষেত্রে অশুল্ক বাধাগুলোই প্রধান বিষয় হয়ে দাঁড়াবে”, বলেন তিনি। পণ্যের মান যাচাই (স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং) নিয়ে সমস্যা, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে ছাড়পত্র পাওয়া নিয়ে দীর্ঘসূত্রতাও এক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন তিনি। “ব্যবসায়ীরা বিষয়গুলো জানেন। এসব বিষয়ের বিরুদ্ধে তাদের সরব হওয়া উচিৎ”. বলেন সালেহউদ্দিন। ট্রানজিট মির্জ্জা আজিজ বলেন, শুধু ভারতকে সুবিধা দেওয়ার বিষয়ে নজর না দিয়ে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর আরো জোর দেওয়া উচিৎ সরকারগুলোর। চীন, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলেও তিনি মনে করেন। কেবল দ্বিপক্ষীয় পর্যায়ে ট্রানজিট চুক্তি হলে তা সমস্যার সৃষ্টি করতে পারে- এমন মন্তব্য করে তিনি বলেন, “ভুটান বা নেপালের সঙ্গেও বাংলাদেশ ট্রানজিট চুক্তি করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভারতেরও তো আপত্তি থাকতে পারে।” তবে সালেহউদ্দিন মনে করেন, ট্রানজিট থেকে বাংলাদেশ কতোটা লাভবান হবে- তা এখনো দৃশ্যমান নয়। “এটা নিশ্চিত যে চুক্তি হলে ভারত লাভবান হবে। তবে এ থেকে বাংলাদেশ কতোটা লাভবান হবে- তা এখনো আমরা জানি না।” “এটা স্বাভাবিক যে, ভারত নিজেদের স্বার্থ দেখবে। বাংলাদেশেরও নিজেদের স্বার্থ রক্ষার বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিৎ।” সাবেক এই গভর্নর বলেন, “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ নয়। কী ঘটছে তা এখনো আমরা জানি না।” গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি ও ট্রানজিট বিষয়ে সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায়। তখন থেকেই বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি স্পর্শকাতর দিক হয়ে দাঁড়িয়েছে। ট্রানজিট থেকে বাংলাদেশের লাভের দিকটি হিসাব করতে একটি কমিটি করেছিল বাংলাদেশ সরকার। এই কমিটি স¤প্রতি সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স¤প্রতি সংসদে জানান, সরকার এই প্রতিবেদনের ভিত্তিতেই ট্রানজিট বিষয়ে সিদ্ধান্ত নেবে। ১০০ কোটি ডলার ঋণ মির্জ্জা আজিজ বলেন, ভারতের প্রতিশ্র“ত ১০০ কোটি ডলার ঋণ সহায়তার আওতায় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দূর করতে দুদেশের সরকারকেই একসঙ্গে বসতে হবে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ভারত। ওই বছর অগাস্টে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের সময় এ বিষয়ে চুক্তি সই হয়। এ ঋণের আওতায় ৮০ কোটি ডলারের ১৫টি প্রকল্পে ভারত সম্মতি দিলেও মাত্র পাঁচটি প্রকল্পে অর্থায়নের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ঋণের আওতায় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ৮৫ শতাংশ মানবসম্পদ ও যন্ত্রাংশ ভারত থেকে আমদানির বিষয়ে মির্জ্জা আজিজ বলেন, এ শর্ত শিথিল করা প্রয়োজন। পাশাপাশি এ ঋণের আওতায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও জোর দিতে বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন। “প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে শিগগিরই তার সমাধান করা উচিত,” বলেন তিনি। তার প্রশ্ন, “যে অর্থ কাজে লাগানো যাবে না- সে ঋণ নেওয়ার প্রয়োজন কী?” বাংলাদেশের কাছে শর্তগুলো খুব বেশি কঠোর মনে হলে এ তহবিল প্রত্যাখ্যান করা যায় বলেও মত দেন সালেহউদ্দিন। এ ঋণের জন্য বছরে এক দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে ভারতকে। পাঁচ বছরের ‘গ্রেস পিরিয়ড’ সুবিধাসহ ২০ বছরে এই ঋণ পরিশোধ করা যাবে। তিস্তা চুক্তি সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ মনে করেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে যে বিতর্ক রয়েছে তা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের আরো উদ্যোগী হওয়া প্রয়োজন। “ভারত সরকারের নিজের মধ্যে সমস্যা রয়েছে। তারা জোটের শরিককে (তৃণমূল কংগ্রেস) অসন্তুষ্ট করতে করতে চায় না। কিন্তু চুক্তির বিষয়টি তাদের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ।” পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢাকার ‘দূরত্ব’ দৃশ্যত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “এ সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ বাড়ানো উচিৎ বাংলাদেশের।” অবশ্য সালেহউদ্দিন এ বিষয়টি অন্যভাবে দেখছেন। তার মতে, “এটা ভারত সরকারের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের নিজেদেরই এ বিতর্ক নিরসন করা উচিৎ।” “তিস্তা চুক্তির ব্যাপারে মমতার সম্মতি আদায়ে বাংলাদেশের চেষ্টা চালানোর কোনো অর্থ নেই”, যোগ করেন তিনি। এই সাবেক গভর্নর বলেন, যখন কোনো দেশের সরকার কোনো চুক্তি করে তখন বিষয়টি নিয়ে যথাযথ বোঝাপড়া অবশ্যই থাকতে হবে। “যখন সব কিছু চূড়ান্ত- তখন ‘আমাদের এ সমস্য, আমাদের ওই সমস্যা’ বলে তারা দেরি করছে।” মমতা বন্দোপাধ্যায়ের জোরালো বিরোধিতার কারণে গত সেপ্টেম্বরে তিস্তা চুক্তি আটকে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, বিষয়টি দুঃখজনক। মির্জ্জা আজিজ বলেন, গত সেপ্টেম্বরে ঢাকা-দিল্লি স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তিতে ভারত সরকার এখনো অনুসমর্থন দেয়নি। এ বিষয়ে পশ্চিমবঙ্গেরও পর্যবেক্ষণ রয়েছে। “ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিশ্চয়তা দেওয়া হলেও বাস্তবে কিছুই হচ্ছে না,” বলেন সালেহউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১০৩০ ঘ.