২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের প্রকল্পের মাঠ পর্যায়ে তদারকি

বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকারিতা তদারকির জন্য নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকারিতা তদারকির জন্য নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার রাজধানীর একটি হোটেলে থার্ড পার্টি মনিটরিং অফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসিস্ট্যান্স স্ট্রাটেজি ইন বাংলাদেশ শিরোনামের এই প্রকল্প উদ্বোধন করেন। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় চারটি বেসরকারি সংস্থা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকছে। এর আওতায় বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে চলা সাতটি প্রকল্পের কার্যকারিতা ও ফলাফল নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও তার ভিত্তিতে মতামত দেওয়া হবে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পরই এই প্রকল্প নেওয়া হলো। তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত করে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প তদারকির উদ্যোগের প্রশংসা করে সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে কখনো কখনো দুর্নীতি সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। “বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এটা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে যে কোনটা স্বচ্ছতা, আর কোনটা নয়। এ নিয়ে বিভ্রান্তিও তৈরি হতে পারে। তবে প্রকল্প বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন ও নিরীক্ষায় সরকার স্বচ্ছতা আনার চেষ্টা করছে যাতে জনগণ এ বিষয়ে জানতে পারে।” বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, “যাদের জন্য প্রকল্প করা হয় তারাই সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন সেটি কতটুকু কার্যকর হচ্ছে বা কীভাবে আরো ভালো করা যায়। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো ভালো হবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ অবস্থান জানতে চাইলে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যালেন গোল্ডস্টেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/২৩১০ ঘ.