ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘শরতের আকাশের’ সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, “বর্তমান অর্থনীতিকে আমি তুলনা করছি শরতের আকাশের সাথে, যেখানে কালো ও সাদা উভয় ধরনের মেঘই রয়েছে। আমরা সাদা মেঘ দিয়ে কালো মেঘটাকে ঢেকে দিতে চাচ্ছি।”
আতিউর রহমান বলেন, “অর্থনীতির বিরাজমান ঝুঁকিগুলো কমিয়ে সম্ভাবনার ক্ষেত্রগুলোর প্রসার ঘটানোই আমাদের মূল লক্ষ্য। এই প্রক্রিয়ায় সাময়িক বেদনা অস্বীকার করার সুযোগ নেই। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। সংশোধনের এ পথে এটা ছাড়া আমাদের গত্যন্তর নেই। বেশ কিছু সূচকের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ইতোমধ্যেই চোখে পড়ছে।”
বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “একদিকে বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা অন্যদিকে, বিশ্ব আর্থিক খাতের বিপর্যয় সূত্রে দেশের আর্থিক খাতকে সচল রাখার জন্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি বলেন, চলতি অর্থবছরে সরকারি খাতে বৈদেশিক সহায়তা হ্রাসের সূত্রে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের বর্ধিত ঋণ চাহিদা টাকার বাজারে সুদহার খানিকটা ঊর্ধ্বগামী করেছে। বৈদেশিক লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা বেড়ে টাকার বিনিময় হারেও অবচয় ঘটেছে।
তবে অর্থনীতির স্বাভাবিক নীতি অনুযায়ী টাকায় উচ্চতর সুদহার সঞ্চয় প্রবণতা বাড়িয়ে ভোক্তা চাহিদার চাপ বৃদ্ধির উপশম করছে। টাকার বিনিময় হারের অবচয় রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধি গতিশীল রাখার পাশাপাশি প্রবৃদ্ধি পরিমিত করে ভারসাম্য ফিরিয়ে আনছে বলে মনে করেন গভর্নর।
আতিউর রহমান বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে, টাকার মূল্যও ধীরে ধীরে বাড়ছে। সুদের হারও স্থিতিশীল হচ্ছে। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আশা করছি এর ইতিবাচক প্রভাব টাকার মূল্যমানের ওপরও পড়বে। অচিরেই সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে। মুদ্রা বাজারে তারল্য যোগানেরও উন্নতি হবে। সুদহারও স্থিতিশীল হবে বলে আমরা আশা করছি।”
সরকারি মালিকানাধীন অন্য তিনটি ব্যাংকের তুলনায় জনতা ব্যাংকের সার্বিক অবস্থা অনেকটাই ভালো বলে মন্তব্য করেন গভর্নর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১২৪ ঘ.
bdnews24